শাপলা প্রতীক নিয়ে ক্ষোভ, ইসির বিরুদ্ধে স্বেচ্ছাচারের অভিযোগ এনসিপির

প্রকাশিত: ০১ অক্টোবর ২০২৫, ০৯:১৯ পিএম
শাপলা প্রতীক নিয়ে ক্ষোভ, ইসির বিরুদ্ধে স্বেচ্ছাচারের অভিযোগ এনসিপির

ডেস্ক রিপোর্ট:

রাজধানীর বাংলামটরে অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের (ইসি) বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণের অভিযোগ তুলেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, শাপলা প্রতীক বরাদ্দে কোনো আইনি বাধা না থাকলেও ইসি তাদের ‘উটপাখি’, ‘কাপ-পিরিচ’, ‘থালাবাটি’, ‘আলমিরা’র মতো হাস্যকর প্রতীক প্রস্তাব করেছে।

নাসীরুদ্দীন বলেন, “আমরা ইসির নিবন্ধন সংক্রান্ত চিঠি হাতে পেয়েছি। সেখানে যেসব প্রতীক আমাদের বরাদ্দ রাখতে বলা হয়েছে, সেগুলো কেবল অবাস্তব নয়, হাস্যকরও বটে। এতে মনে হচ্ছে ইসি আমাদের সঙ্গে স্বেচ্ছাচারী ও বৈষম্যমূলক আচরণ করছে।”

তিনি আরও দাবি করেন, শাপলা প্রতীক পাওয়ায় কোনো আইনি জটিলতা নেই। “আমরা আগেই জানিয়েছি, এনসিপির শাপলা প্রতীক পেতে কোনো বাধা নেই। ইসিরও কোনো চাপ অনুভব করার কথা নয়। কিন্তু দেখা যাচ্ছে, এই কমিশন নিরপেক্ষ নয়, বরং একদলীয় অফিসে পরিণত হয়েছে। তাদের কার্যক্রম সংবিধানকেই প্রশ্নবিদ্ধ করছে।”

সংবাদ সম্মেলনে নাসীরুদ্দীন অভিযোগ করেন, অন্য রাজনৈতিক দলের প্রতীক জাতীয় প্রতীকের উপাদান থেকে নেওয়া হলেও এনসিপির ক্ষেত্রে শুধু আপত্তি তোলা হচ্ছে। তিনি বলেন, “এখন প্রশ্ন উঠতে পারে, প্রতীক না পেলে আমরা কী করব? জনগণকে সঙ্গে নিয়ে সাংবিধানিক ও গণতান্ত্রিক উপায়ে আমরা আমাদের সংগ্রাম চালিয়ে যাব।”

এসময় তিনি নির্বাচন কমিশনের স্বচ্ছতা নিয়ে সন্দেহ প্রকাশ করেন। তাঁর ভাষায়, “‘জাতীয় লীগ’ নামে একটি দল নিবন্ধন পেতে যাচ্ছে। অথচ এ পর্যন্ত তাদের কোনো মিছিল, সভা বা সেমিনার দেখা যায়নি। এসব ঘটনায় ইসির ভূমিকা আরও সন্দেহজনক হয়ে উঠেছে।”

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ আমলে নিবন্ধন পাওয়া রাজনৈতিক দলগুলোর নিবন্ধন বাতিলের দাবিও জানান নাসীরুদ্দীন পাটওয়ারী।

এসময় উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ, যুগ্ম সদস্যসচিব জহিরুল ইসলাম মুসা প্রমুখ।