বিইউপির সাবেক শিক্ষার্থী ধর্ষণ: এজহারভুক্ত এক আসামি গ্রেফতার, শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৫, ০৭:৫৪ পিএম
বিইউপির সাবেক শিক্ষার্থী ধর্ষণ: এজহারভুক্ত এক আসামি গ্রেফতার, শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক:

সাভারে বাসায় ফেরার পথে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) এক সাবেক শিক্ষার্থী ধর্ষণের শিকার হওয়ার ঘটনায় এজহারভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৯ অক্টোবর) ভোরে রাজধানীর তেঁজকুনি পাড়া এলাকায় অভিযান চালিয়ে মিঠু বিশ্বাস (৪৪) নামের ওই আসামিকে গ্রেফতার করে পুলিশ। তিনি সাভারের কমলাপুর গোয়ালিও এলাকার এস. রাফায়েলের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল মিয়া বলেন, “গ্রেফতার মিঠু বিশ্বাসকে আজ আদালতে পাঠানো হয়েছে। তার সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। রিমান্ডে পেলে ঘটনার বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে।”

গত বুধবার (১৫ অক্টোবর) রাতে সাভারের বিরুলিয়ায় ওই শিক্ষার্থী ধর্ষণের শিকার হন। পরদিন বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে ভুক্তভোগী তরুণী বাদী হয়ে সাভার মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা (নং-১৯) করেন। মামলায় মিঠু বিশ্বাসসহ তিনজনকে আসামি করা হয়।

অন্য দুই আসামি হলেন—সাভারের কমলাপুর গোয়ালিও এলাকার সোহেল রোজারিও (৩৭) ও বিপ্লব রোজারিও (৪০)।

এদিকে, ধর্ষণের ঘটনায় ন্যায়বিচারের দাবিতে বিক্ষোভ করেছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের শিক্ষার্থীরা। রোববার বেলা ১১টার দিকে শতাধিক শিক্ষার্থী মিরপুর-১২ নম্বর বাসস্ট্যান্ডে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল শুরু করেন।

শিক্ষার্থীরা মিরপুর-১২ থেকে মিছিল নিয়ে ১০ নম্বর গোল চত্বর ঘুরে পুনরায় মিরপুর-১২-তে ফিরে আসেন। এসময় তারা ধর্ষকদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

একজন শিক্ষার্থী বলেন, “প্রতিবারই আমরা দেখি অভিযুক্তদের গ্রেফতার করা হয়, কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তি হয় না। আইনের সংস্কার নয়, এর কার্যকর বাস্তবায়ন দরকার।”

আরেক শিক্ষার্থী বলেন, “আমরা ন্যায়বিচার চাই। আমাদের সহপাঠীর সঙ্গে যা ঘটেছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।”

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ বলছে, বাকি আসামিদেরও দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।