কক্সবাজারে রিসোর্টে আগুনে পুড়ে চুয়াডাঙ্গার মা-ছেলের মর্মান্তিক মৃত্যু; পরিবারে শোকের মাতম
ছবি: সংগৃহীত
চুয়াডাঙ্গা প্রতিনিধি
কক্সবাজারের ইনানী এলাকায় একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে পুড়ে চুয়াডাঙ্গার মা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন চুয়াডাঙ্গা শহরের দক্ষিণ হাসপাতালপাড়ার বাসিন্দা ফারিয়া কবীর (৩৩) ও তাঁর পাঁচ বছর বয়সী ছেলে ফাইজান। তাঁদের মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে।
পারিবারিক সূত্রে জানা যায়, ফারিয়া কবীরের স্বামী নুর আলম ড্রাগ ইন্টারন্যাশনালের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা হিসেবে কর্মরত। পেশাগত কারণে গত আট বছর ধরে তাঁরা চুয়াডাঙ্গায় বসবাস করছেন। ফারিয়ার পৈতৃক বাড়ি বরিশালে।
পরিবারের সদস্যদের নিয়ে অবকাশ যাপনের উদ্দেশ্যে গত ১৪ অক্টোবর তাঁরা কক্সবাজারের উদ্দেশে রওনা হন। তবে আনন্দ ভ্রমণটি তাঁদের জন্য মর্মান্তিক পরিণতি বয়ে আনে।
পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, শনিবার (১৭ অক্টোবর) সকালে কক্সবাজারের ইনানী এলাকার ওই রিসোর্টে আগুন লাগার ঘটনায় ফারিয়া ও তাঁর ছেলে প্রাণ হারান।
মা ও শিশুসন্তানের এমন আকস্মিক মৃত্যুতে স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তাঁদের মৃত্যুতে চুয়াডাঙ্গায়ও শোকের আবহ বিরাজ করছে।









