গাজীপুরে দুর্গাপূজার নিরাপত্তায় বিজিবির বিশেষ ব্যবস্থা, কেন্দ্রীয় কালীমন্দির পরিদর্শন

প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ পিএম
গাজীপুরে দুর্গাপূজার নিরাপত্তায় বিজিবির বিশেষ ব্যবস্থা, কেন্দ্রীয় কালীমন্দির পরিদর্শন

ছবি: বিডি মেইল

আমান উল্যাহ আমান, গাজীপুর প্রতিনিধি


শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের নিরাপদ ও নির্বিঘ্নে উৎসব উদ্‌যাপন নিশ্চিত করতে নিরাপত্তা কার্যক্রম জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর অংশ হিসেবে গাজীপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন বাহিনীর কর্মকর্তারা।


শনিবার (১৭ অক্টোবর) গাজীপুরের কেন্দ্রীয় কৃপাময়ী কালীমন্দির পরিদর্শন করেন বিজিবির ঢাকা সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ, পিবিজিএম, বিজিবিএমএস। এ সময় মন্দিরের সভাপতি শ্যামলী পাল ও সাধারণ সম্পাদক বাপ্পি দে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে বিজিবির পক্ষ থেকেও মন্দির কর্তৃপক্ষকে শুভেচ্ছা উপহার দেওয়া হয়।


পরিদর্শনকালে দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সেক্টর কমান্ডার। তিনি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। পাশাপাশি শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদ্‌যাপনে সংশ্লিষ্ট সবার সহযোগিতা ও সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন।


তিনি জানান, দুর্গাপূজা উপলক্ষে সারা দেশে নিরাপত্তা কার্যক্রম জোরদার করা হয়েছে। নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং স্থানীয় প্রশাসন, পুলিশ ও পূজা উদ্‌যাপন কমিটির সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।


উচ্ছৃঙ্খলতা, অনাকাঙ্ক্ষিত ঘটনা ও সাম্প্রদায়িক উসকানিমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। দেশের বিভিন্ন এলাকায় পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। এ লক্ষ্যে বেইজ ক্যাম্প স্থাপনের পাশাপাশি নিয়মিত টহল ও নজরদারি অব্যাহত রয়েছে।


বিজিবির পক্ষ থেকে জানানো হয়, দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতাও গুরুত্বপূর্ণ। কোনো সন্দেহজনক পরিস্থিতি বা অনাকাঙ্ক্ষিত ঘটনা চোখে পড়লে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়েছে।


এ সময় গাজীপুর ব্যাটালিয়ন (৬৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মেহেদী হাসানসহ বিজিবির অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।


সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে ধর্মীয় উৎসব উদ্‌যাপন করতে পারেন, সে লক্ষ্যে বিজিবির পক্ষ থেকে সর্বাত্মক নিরাপত্তা কার্যক্রম অব্যাহত রাখার কথা জানানো হয়েছে।