চন্দনাইশে হরিমন্দিরে বস্ত্র বিতরণ, উপস্থিত ছিলেন পুলিশ সুপার

প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ পিএম
চন্দনাইশে হরিমন্দিরে বস্ত্র বিতরণ, উপস্থিত ছিলেন পুলিশ সুপার

ছবি: বিডি মেইল

মো. কামাল উদ্দিন, চট্টগ্রাম প্রতিনিধি


চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার গাছবাড়ীয়া সার্বজনীন হরিমন্দিরে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়েছে। ধর্মীয় সম্প্রীতি, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতার বার্তা ছড়িয়ে দিতে শনিবার (১৭ অক্টোবর) মন্দির প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করে গাছবাড়ীয়া সার্বজনীন হরিমন্দির পূজা উদ্‌যাপন পরিষদ।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ জসিম উদ্দিন আহমেদ। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএম।


এ ছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. রবিউল ইসলাম, চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহমান এবং চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার।


অনুষ্ঠানে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়। এ উদ্যোগের মাধ্যমে মানবিক সহমর্মিতা, সামাজিক সংহতি ও পারস্পরিক সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দেওয়া হয়।


বক্তারা বলেন, ধর্মীয় ও সামাজিক সংগঠনগুলোর এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মধ্যে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারে ভূমিকা রাখে।


পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহমর্মিতা ও সামাজিক দায়িত্ব পালনের মাধ্যমে শান্তিপূর্ণ, সহনশীল ও সম্প্রীতিময় সমাজ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।


ধর্মীয় সম্প্রীতি, সামাজিক শান্তি ও মানবিক মূল্যবোধ সমুন্নত রাখতে চট্টগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে সবার সম্মিলিত সহযোগিতা কামনা করা হয়।