ঠাকুরগাঁও-১ আসনে জামায়াত প্রার্থীকে শোকজ, ১৯ অক্টোবর সশরীরে হাজিরার নির্দেশ
ছবি: বিডি মেইল
রহমত আরিফ, ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও-১ (সদর উপজেলা) আসনের উপনির্বাচনে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি। অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে আগামী ১৯ অক্টোবর সকাল ১১টায় তাঁকে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির পক্ষ থেকে এ নোটিশ জারি করা হয়।
নোটিশ সূত্রে জানা গেছে, দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী দেলাওয়ার হোসেন ও তাঁর সমর্থক নেতাকর্মীদের বিরুদ্ধে ধর্মপ্রাণ ভোটারদের উসকানি দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি, সুষ্ঠু নির্বাচনকে বিতর্কিত করা এবং সাধারণ ভোটারদের প্রভাবিত করতে মসজিদসহ ধর্মীয় উপাসনালয় ব্যবহারের অভিযোগ উঠেছে।
নোটিশে বলা হয়েছে, অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট একটি ভিডিও পর্যালোচনা করে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর ১৫(খ) বিধি লঙ্ঘনের বিষয়টি প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে।
এ পরিপ্রেক্ষিতে আগামী ১৯ অক্টোবর সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা জজ আদালত ভবনের ২১১ নম্বর কক্ষে অবস্থিত নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির অস্থায়ী কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে দেলাওয়ার হোসেনকে। একই সঙ্গে আত্মপক্ষ সমর্থনে কোনো সাক্ষ্য-প্রমাণ থাকলে তা উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।
নোটিশে আরও উল্লেখ করা হয়েছে, অভিযোগের পূর্ণাঙ্গ অনুসন্ধান শেষে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুপারিশসহ প্রতিবেদন কেন নির্বাচন কমিশনে পাঠানো হবে না, সে বিষয়ে তাঁকে ব্যাখ্যা দিতে হবে।
নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির সদস্য এবং ঠাকুরগাঁওয়ের যুগ্ম জেলা ও দায়রা জজ সাদিয়া আফসানা রিমা স্বাক্ষরিত নোটিশের অনুলিপি নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব, ঠাকুরগাঁওয়ের জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা এবং অভিযোগকারী ধানের শীষ প্রতীকের নির্বাচনি এজেন্ট মো. পয়গাম আলীর কাছে পাঠানো হয়েছে।
তবে নোটিশ জারি হওয়া মানেই অভিযোগ প্রমাণিত হওয়া নয়। এ বিষয়ে প্রার্থীর লিখিত ব্যাখ্যা ও অনুসন্ধানের ফলের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।









