কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা
ছবি: বিডি মেইল
মো. শাহনেওয়াজ, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নুবহা জেনারেল হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে পাঁচটি মামলা করা হয়েছে। এসব মামলায় মোট ৬০ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ ছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই অভিযানে বাসাইর বাজারে একটি অবৈধ স্থাপনার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
শনিবার (১৭ অক্টোবর) উপজেলার বাসাইর বাজার, জামালপুর ও ফুলদি এলাকায় এ অভিযান পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার।
অভিযান সূত্রে জানা যায়, নুবহা জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ অপারেশন থিয়েটারের প্রয়োজনীয় যন্ত্রপাতি ও হালনাগাদ কাগজপত্র দেখাতে না পারায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া নামবিহীন কেক উৎপাদন, মোড়ক ব্যবহার না করা এবং প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় সংশ্লিষ্ট একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭ ও ৫২ ধারায় করা দুটি মামলায় মোট ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অন্যদিকে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় করা তিনটি মামলায় প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করা হয়। একই সঙ্গে তিন আসামিকে যথাক্রমে ১৫ দিন, তিন মাস ও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানা রশীদ, স্যানিটারি ইন্সপেক্টর দেব প্রসাদ মিত্র এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গাজীপুর জেলা কার্যালয়ের পরিদর্শক মুহাম্মদ মাহবুবুল আলম ভূঞা।
জনস্বাস্থ্য সুরক্ষা, ভোক্তা অধিকার নিশ্চিত করা এবং মাদক নিয়ন্ত্রণের লক্ষ্যে এ ধরনের অভিযান পরিচালনা করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।









