তরুণরাই পারে দুর্নীতি ও বেকারত্বের অবসান ঘটাতে ড. হামিদুর রহমান আজাদ
নিজস্ব প্রতিবেদক, কুতুবদিয়া প্রতিনিধি:
“দুর্নীতি, দারিদ্র্য ও বেকারত্বকে ‘না’ বলুন”— এই আহ্বান জানান জামায়াতে ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এ. এইচ. এম. হামিদুর রহমান আযাদ।
তিনি বলেন, “বাংলাদেশ দরিদ্র নয়; শুধু সম্পদ ব্যবস্থাপনায় সততা ও পরিকল্পনার অভাবই আমাদের পিছিয়ে রেখেছে। তরুণদের মেধা, মনন ও নৈতিকতার সমন্বয় ঘটলে তারাই হবে জাতির প্রকৃত চালিকাশক্তি।”
রবিবার (২ নভেম্বর) কুতুবদিয়া সরকারি কলেজ শাখা ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত “নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজ শাখা সভাপতি মো. রাশেদুল ইসলাম এবং সঞ্চালনা করেন সেক্রেটারি আরিফুল ইসলাম।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) নবনির্বাচিত ভিপি ও কেন্দ্রীয় ছাত্রশিবির নেতা মো. ইব্রাহিম হোসেন রনি।
তিনি বলেন, “স্বাধীনতার পাঁচ দশক পরও আমরা সৎ ও দক্ষ নেতৃত্বের ঘাটতিতে ভুগছি। সরকার বদলেছে, কিন্তু মানুষের ভাগ্য বদলায়নি। ইসলামী ছাত্রশিবির সেই আদর্শ নেতৃত্ব গঠনের লক্ষ্যে কাজ করছে।”
তিনি আরও যোগ করেন, “২০২৪ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলন প্রমাণ করেছে— শিক্ষার্থীরাই এই জাতির প্রকৃত পরিবর্তনের শক্তি।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন—
শ্রমিক কল্যাণ ফেডারেশনের কক্সবাজার জেলা সভাপতি শামসুল আলম বাহাদুর, উপজেলা জামায়াতের আমীর ও সাবেক চেয়ারম্যান আ. স. ম. শাহরিয়ার চৌধুরী, কুতুবদিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ এম. এ. মান্নান, জেলা শিবির সভাপতি আবদুর রহিম নূরী, উপজেলা সভাপতি মোহাম্মদ বিন ইব্রাহিম, লেখক ও কলামিস্ট আলী ওসমান শেফায়েত প্রমুখ।
তরুণদের জন্য অনুপ্রেরণামূলক পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তারা নৈতিকতা, ক্যারিয়ার উন্নয়ন ও নেতৃত্ব গঠনের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, “পৃথিবীকে গড়তে হলে আগে নিজেকে গড়তে হবে।”









