ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির খসড়া অধ্যাদেশ নিয়ে মতবিনিময় সভা ২০ অক্টোবর
মোঃ জাহেরুল ইসলাম, স্টাফ রিপোর্টার:
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির খসড়া অধ্যাদেশ নিয়ে অংশীজনদের মতামত গ্রহণের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এক মতবিনিময় সভা আহ্বান করেছে। বুধবার (১৫ অক্টোবর) বিভাগটির সিনিয়র সহকারী সচিব নাঈমা খন্দকার স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।
নোটিশে বলা হয়েছে, প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ এর খসড়া অধ্যাদেশের ওপর অংশীজনদের মতামত গ্রহণের নিমিত্ত এক মতবিনিময় সভা আগামী ২০ অক্টোবর বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। শিক্ষা উপদেষ্টার সভাপতিত্বে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে (কক্ষ নম্বর-১৮১৫, ভবন-৬) এ সভা অনুষ্ঠিত হবে।
সভায় উপস্থিত থাকতে বলা হয়েছে— বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান, ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (কলেজ), অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয়), যুগ্মসচিব (বিশ্ববিদ্যালয় অধিশাখা-২), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, ঢাকা কলেজের অধ্যক্ষ ও সাত কলেজের প্রশাসক, বাকি ছয় কলেজের অধ্যক্ষ, সংশ্লিষ্ট কলেজগুলোর শিক্ষক পরিষদের সভাপতি এবং বিসিএস শিক্ষা ক্যাডার অ্যাসোসিয়েশনের সভাপতি।
নোটিশে আরও বলা হয়েছে, উক্ত সভায় উপস্থিত থেকে অংশীজনরা প্রস্তাবিত অধ্যাদেশের বিভিন্ন দিক নিয়ে মতামত প্রদান করবেন। পরবর্তীতে এসব মতামতের ভিত্তিতে খসড়া অধ্যাদেশে প্রয়োজনীয় সংশোধনী আনা হতে পারে।
উল্লেখ্য, সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় রাজধানীর সরকারি সাত কলেজকে একীভূত করে “ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি” গঠনের প্রস্তাবিত খসড়া অধ্যাদেশ প্রকাশ করেছে। এ নিয়ে শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট মহলে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে।









