জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শুক্রবার ঐতিহাসিক ‘জুলাই সনদ’ সই অনুষ্ঠান

প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৫, ০১:০৫ এএম
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শুক্রবার ঐতিহাসিক ‘জুলাই সনদ’ সই অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আগামীকাল শুক্রবার (১৭ অক্টোবর) অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহাসিক ‘জুলাই সনদ’ স্বাক্ষর অনুষ্ঠান। রাজনৈতিক দলগুলোর ঐকমত্য প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক রূপান্তরের প্রতীক হিসেবে এই সনদকে ইতিমধ্যে অভিহিত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় সংসদ ভবনের এলডি হলে অনুষ্ঠানের প্রস্তুতি সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন,

> “রাজনৈতিক দলগুলো সনদের অঙ্গীকারনামা অংশে স্বাক্ষর করবেন। পাশাপাশি কমিশনের সদস্যরাও সই করবেন, আর সর্বশেষে স্বাক্ষর করবেন কমিশনের প্রধান ও প্রধান উপদেষ্টা।”

তিনি জানান, অনুষ্ঠানে উপস্থিত সবার কাছে সনদের একটি করে কপি সরবরাহ করা হবে, যাতে সবাই জানতে পারেন, সনদে কী কী বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।

এক সাংবাদিকের প্রশ্নের জবাবে অধ্যাপক আলী রীয়াজ বলেন,

> “আগামীকাল যদি কোনো রাজনৈতিক দল জুলাই সনদে সই না করে, তারা পরেও সুযোগ পাবে। তবে কমিশন আশা করে, সবাই একসঙ্গে বসে উৎসবমুখর পরিবেশে সনদে স্বাক্ষর করবে।”

তিনি আরও বলেন,

> “আমরা সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করেছি এবং একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা নির্ধারণ করেছি। রাজনৈতিক দলগুলোর কাছ থেকে সময়ে সময়ে যে মতামত পেয়েছি, তা আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিকভাবে বিবেচনায় নিয়েছি। ভবিষ্যতেও এই আলোচনা অব্যাহত থাকবে।”

কমিশনের সহসভাপতি জানান, জাতীয় সনদ বাস্তবায়নে যেন কোনো ব্যত্যয় না ঘটে, সেটিই এখন প্রধান লক্ষ্য। তিনি বলেন,

> “বাংলাদেশের নাগরিকদের যে আকাঙ্ক্ষা ও ত্যাগ— যার জন্য প্রাণ দিতে হয়েছে, নিপীড়নের শিকার হতে হয়েছে— তার বিপরীতে যেন একটি জবাবদিহিমূলক, গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলা যায়, যেখানে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে; এই লক্ষ্যেই সনদ প্রণীত হয়েছে।”

এদিকে কমিশন সূত্রে জানা গেছে, শুক্রবারের অনুষ্ঠানে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি ছাড়াও নাগরিক সমাজ, শিক্ষাবিদ, কূটনীতিক ও গণমাধ্যম ব্যক্তিত্বরা উপস্থিত থাকবেন।

ঐতিহাসিক এই ‘জুলাই সনদ’ স্বাক্ষর অনুষ্ঠানকে ঘিরে জাতীয় সংসদ এলাকায় ইতিমধ্যেই চলছে ব্যাপক প্রস্তুতি।