জবি শিবিরের উদ্যোগে ‘রান উইথ জবি শিবির’—তিন হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে উৎসবমুখর আয়োজন
নিজস্ব প্রতিবেদক:
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রায় তিন হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত হলো বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার আয়োজন ‘রান উইথ জবি শিবির’ কর্মসূচি। মঙ্গলবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ছয়টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যাত্রা শুরু করে কোর্ট এলাকা, রায় সাহেববাজার মোড়, ধোলাইখাল হয়ে ধূপখোলা মাঠে গিয়ে শেষ হয় এ স্বাস্থ্যসচেতনতামূলক দৌড় উৎসব।
শাখা সূত্রে জানা গেছে, অনলাইনে তিন হাজারের বেশি শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেন। এর মধ্যে প্রায় শতাধিক নারী শিক্ষার্থী অনলাইনে নাম নিবন্ধন করলেও মূল র্যালিতে তারা অংশ নেননি বলে জানিয়েছে শাখার নেতৃবৃন্দ।
আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম। নেতৃত্ব দেন জবি শিবিরের সভাপতি রিয়াজুল ইসলাম এবং সেক্রেটারি জেনারেল আব্দুল আলিম আরিফ।
অতিথির বক্তব্যে আবু সাদিক কায়েম বলেন, “জবি শিবিরের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণ উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেছে। আমাদের মূল লক্ষ্য—তরুণরা যেন শারীরিকভাবে সুস্থ থাকে। সুস্থ দেহ-মন ছাড়া ভবিষ্যতের বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া সম্ভব নয়। বিগত ফ্যাসিবাদী শাসনামলে এমন বড় আকারের আয়োজন সম্ভব হয়নি। পরিবর্তনের পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিবির একের পর এক ইতিবাচক কর্মসূচি আয়োজন করে চলেছে, যা প্রশংসনীয়।”
শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ সিবগাহ বলেন, “বাংলাদেশ এখন এক সংকটময় সময় অতিক্রম করছে এবং এ সময়ে তরুণরাই বড় ভূমিকা রাখবে। একটি ফ্যাসিবাদী শক্তি আবারও বাংলাদেশকে হুমকির মুখে ফেলে দেওয়ার চেষ্টা করছে। তরুণ সমাজ যদি সজাগ ও সুস্থ থাকে, তবে এই শক্তি মাথা তুলতে পারবে না। পাশাপাশি যারা বিদেশী প্রভাব বিস্তার করতে চায়—তাদের প্রতিও তরুণ সমাজের পক্ষ থেকে হুঁশিয়ারি জানাই।”
জবি শিবির শাখার সভাপতি রিয়াজুল ইসলাম বলেন, “চলো একসাথে হাঁটি, একসাথে দেশ গড়ি”—এ প্রতিপাদ্য নিয়ে আমাদের এ আয়োজন। তিন হাজারের মতো শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেন এবং প্রায় আড়াই হাজার শিক্ষার্থী সরাসরি অংশ নেন। তরুণদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখতে আমরা নিয়মিত আরও কার্যকর কর্মসূচির আয়োজন করবো ইনশাআল্লাহ।”
অনুষ্ঠানে শাখা শিবিরের সাবেক সভাপতি মাকসুদুর রহমান, আসাদুল ইসলাম, শাখা সেক্রেটারি জেনারেল আব্দুল আলিম আরিফ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাহেদ, অফিস সম্পাদক ইব্রাহিম খলিলসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উৎসবমুখর এ দৌড় কর্মসূচি শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্যম ও স্বাস্থ্যসচেতনতার বার্তা ছড়িয়ে দেয় বলে মন্তব্য করেন আয়োজকরা।









