স্থানীয় নির্বাচন নিয়ে ভালো লক্ষণ দেখছি না: জামায়াত আমির

প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৬, ১১:৪৬ পিএম
স্থানীয় নির্বাচন নিয়ে ভালো লক্ষণ দেখছি না: জামায়াত আমির

ছবি: বিডি মেইল

নিজস্ব প্রতিবেদক


স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছেন না বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তাঁর অভিযোগ, নির্বাচনের আগেই জনগণকে ভয়ভীতি দেখানো হচ্ছে। এমন পরিস্থিতিতে নির্বাচন হলে তা সুষ্ঠু হওয়ার সম্ভাবনা কম।


শনিবার (২৪ অক্টোবর) বেলা ১১টার দিকে মৌলভীবাজার সার্কিট হাউসের মুন হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সাংগঠনিক সফরে মৌলভীবাজারে যান জামায়াতের আমির।


শফিকুর রহমান বলেন, স্থানীয় নির্বাচনের আগে সবার জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার চেষ্টা করবেন তাঁরা। নির্বাচনে অংশ নেওয়ার আগে এ নিশ্চয়তা চান তাঁরা।


তিনি বলেন, ‘যখন সেই লেভেল প্লেয়িং ফিল্ডের নিশ্চয়তা পাব, তখন নির্বাচনে অংশগ্রহণ করব। আমরা জনগণের অধিকার নিয়ে লড়তে চাই। আমরা চাই, জনগণ যাকে ভোট দিয়ে পছন্দ করবে, সে-ই ক্ষমতায় যাবে।’


সরকারের বিরুদ্ধে আন্দোলনের প্রসঙ্গে জামায়াতের আমির বলেন, দেশে একের পর এক অঘটন ঘটলেও বিরোধী দল চুপ করে বসে থাকতে পারে না। সরকারের ভুলের দায় বিরোধী দল নেবে কেন—এমন প্রশ্ন তুলে তিনি বলেন, সরকারের অপকর্ম, অন্যায় ও অপরাধের দায় তাঁরা নেবেন না।


তিনি আরও বলেন, তাঁদের দলের কেউ অন্যায় করলেও ছাড় দেওয়া হয় না। নীতির প্রশ্নে কাউকে বড় করে না দেখে নীতিকেই প্রাধান্য দেওয়া হয়।


দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের কোনো নির্দিষ্ট দলের সঙ্গে যুক্ত করে দেখার বিরোধিতা করে শফিকুর রহমান বলেন, দল বিপদে পড়লে এসব ব্যক্তি সবার আগে পালিয়ে যান।


দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সমালোচনা করেন বিরোধীদলীয় নেতা। স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি অভিযোগ করেন, মাদক ও অস্ত্র নিয়ন্ত্রণ এবং সামাজিক শৃঙ্খলা ফিরিয়ে আনার ক্ষেত্রে দৃশ্যমান অগ্রগতি নেই।


সম্প্রতি দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে শেষ হওয়ায় সন্তোষ প্রকাশ করেন শফিকুর রহমান। তিনি বলেন, বড় কোনো দুর্ঘটনা ছাড়াই পূজা শেষ হয়েছে। এ ক্ষেত্রে দেশের সক্রিয় রাজনৈতিক দলগুলো সতর্ক ছিল।


তিনি বলেন, দেশ সবার। প্রত্যেক মানুষ নিজের পছন্দ অনুযায়ী ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করবেন। এতে অন্য কারও বাধা দেওয়া উচিত নয়।