চবি শিক্ষার্থীর বিরুদ্ধে ক্যান্টিন কর্মচারীকে মারধর ও গালাগালের অভিযোগ

প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৫, ১১:০৫ এএম
চবি শিক্ষার্থীর বিরুদ্ধে ক্যান্টিন কর্মচারীকে মারধর ও গালাগালের অভিযোগ

আহমেদ মুনহা, চবি প্রতিনিধি :

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীর বিরুদ্ধে শহীদ ফরহাদ হোসেন হলের ক্যান্টিন কর্মচারীকে মারধর ও গালাগাল করার অভিযোগ উঠেছে। অভিযোগের মুখে পড়া শিক্ষার্থীর নাম ইবরাজ হাসান মাহমুদ সামির, তিনি বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি ও পুলিশ সায়েন্স বিভাগে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

মারধরের শিকার কর্মচারী বোরহান উদ্দিন জানান, তিনি প্রায় এক মাস ধরে ফরহাদ হলের ক্যান্টিনে কাজ করছেন। গত শুক্রবার (২৪ অক্টোবর) জুমার নামাজের বিরতির সময় এই ঘটনা ঘটে।

বোরহান উদ্দিনের ভাষায়, “দুপুর ১টা ২৫ মিনিটে জুমার নামাজের কারণে খাবার দেওয়া বন্ধ করা হয়। মালিক নামাজে ছিলেন। তখন কয়েকজন শিক্ষার্থী আসলে আমি বলি, নামাজের পর আসবেন। এতেই ওই ছেলে (সামির) চিৎকার করে মালিককে ফোন দিতে বলে। আমি বললে, আপনারাই ফোন দেন, তখন সে অশ্লীল ভাষায় গালাগাল করে এসে আমাকে দুই থাপ্পড় মারে ও ধাক্কা দিয়ে ক্যান্টিন থেকে বের করে দেয়।”

ঘটনার পর ভয়ে ক্যান্টিনের পরিচালক মাহবুব শনিবার ক্যান্টিন বন্ধ রাখেন। তবে রোববার থেকে ক্যান্টিনটি পুনরায় চালু করা হয়েছে বলে জানা গেছে।

অভিযুক্ত শিক্ষার্থী ইবরাজ হাসান মাহমুদ সামির বলেন, “আমি দুপুর ১টা ২০ মিনিটে ক্যান্টিনে যাই। তখন হয়তো বিরতি চলছিল, আমি জানতাম না। আমি খাবার চাইলে বোরহান ভাই চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় গালাগাল করেন। আমি শুধু বকা দিই, গায়ে হাত দিইনি।”

তিনি আরও বলেন, “দুপুর ২টার পর আমি আবার ক্যান্টিনে গিয়ে খাবার খাচ্ছিলাম। তখন এক ছোট ছেলে আমার ভিডিও করছিল। পরে সেটা ডিলিট করা হয়। এরপরও আমি বোরহান ভাইকে কয়েকবার সরি বলেছি।”