কালাইয়ে বিনামূল্যে তড়কা বা এনথ্রাক্স রোগের টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত

প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২৫, ০৮:৪২ পিএম
কালাইয়ে বিনামূল্যে তড়কা বা এনথ্রাক্স রোগের টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত

সউদ আব্দুল্লাহ, কালাই (জয়পুরহাট) প্রতিনিধি:

জয়পুরহাটের কালাই উপজেলায় গ্রামীণ অর্থনীতির মূল ভিত্তি হিসেবে পরিচিত প্রাণিসম্পদ খাতের টেকসই উন্নয়ন ও রোগ প্রতিরোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল। এই লক্ষ্যকে সামনে রেখে আজ মাত্রাই ইউনিয়নের সাইলগুন গ্রামে অনুষ্ঠিত হলো বিনামূল্যে তড়কা (Anthrax) রোগের ভ্যাকসিনেশন কর্মসূচি।

কর্মসূচিটি বাস্তবায়িত হয় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মনিরুজ্জামান-এর সরাসরি তত্ত্বাবধান ও দিকনির্দেশনায়।মঙ্গলবার (৭অক্টোবর) সকাল থেকেই গ্রামবাসী ও খামারিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে টিকাদান কার্যক্রমটি প্রাণবন্ত হয়ে ওঠে।

ডা.মনিরুজ্জামান ভ্যাকসিন প্রদান শেষে স্থানীয় খামারিদের সঙ্গে মতবিনিময় করেন এবং তড়কা রোগের ভয়াবহতা, প্রতিরোধে করণীয়, প্রাণিসম্পদের সুরক্ষা এবং খামার ব্যবস্থাপনার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে খোলামেলা আলোচনা করেন।

তিনি বলেন,তড়কা বা এনথ্রাক্স একটি মারাত্মক সংক্রামক রোগ, যা দ্রুত প্রাণিসম্পদের মধ্যে ছড়িয়ে পড়তে পারে এবং মানুষের মধ্যেও সংক্রমিত হওয়ার আশঙ্কা থাকে। নিয়মিত টিকাদান ও খামারের পরিচ্ছন্নতা নিশ্চিত করলেই এই রোগ প্রতিরোধ করা সম্ভব।

কর্মসূচিতে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের অভিজ্ঞ কর্মকর্তা ও কর্মচারীরা সরাসরি অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন অফিস সহকারী মোঃ মাবুদ আলী ও মোঃ গোলাম কিবরিয়া।টিকাদান কার্যক্রমে ফিল্ড পর্যায়ে দায়িত্ব পালন করেন মাত্রাই ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ভ্যাকসিনেটর মোঃ মাহামুদুল হাসান।

অনেক খামারি জানান, সরকারের এই ধরণের উদ্যোগ তাদের জন্য অত্যন্ত উপকারী ও সময়োপযোগী। বিনামূল্যে টিকা গ্রহণের সুযোগ পেয়ে তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নিয়মিত প্রাণিসম্পদ দপ্তরের পরামর্শ নেওয়ার আগ্রহ প্রকাশ করেন।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মনিরুজ্জামান আরও জানান,আমরা নিয়মিত ইউনিয়ন পর্যায়ে সেবা পৌঁছে দিতে কাজ করছি। প্রান্তিক খামারিদের কাছে টিকাদান, পরামর্শ ও চিকিৎসা সেবা পৌঁছে দিতে এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।