আবরার ফাহাদ ও বিডিআর হত্যাযজ্ঞের দিন পালিত হবে জাতীয় দিবস হিসেবে
ডেস্ক রিপোর্ট:
রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ দিন হিসেবে ৭ অক্টোবর ও ২৫ ফেব্রুয়ারি— এই দুটি দিনকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করেছে সরকার। প্রতিবছর এই দুটি দিবস বিশেষভাবে পালিত হবে বলে জানানো হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) বিকেলে প্রধান উপদেষ্টার অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
পোস্টে জানানো হয়, শহীদ আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামীকাল ৭ অক্টোবর সন্ধ্যা ৭টায় ঢাকাসহ দেশের সব শিল্পকলা একাডেমিতে ‘You Failed to Kill Abrar Fahad’ প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে।
ঢাকায় আয়োজিত মূল প্রদর্শনীতে উপস্থিত থাকবেন আবরার ফাহাদের বাবা।
পোস্টে আরও বলা হয়, বর্তমানে সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের জীবন, তাদের অবদান ও স্মৃতি সংরক্ষণে একটি জাতীয় ক্যালেন্ডার তৈরির কাজ চলছে। এই ক্যালেন্ডারে সাংস্কৃতিক উৎসবের পাশাপাশি রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ দিনগুলোও অন্তর্ভুক্ত করা হচ্ছে।
এ প্রক্রিয়ার অংশ হিসেবে শহীদ আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকী (৭ অক্টোবর) এবং বিডিআর ম্যাসাকার দিবস (২৫ ফেব্রুয়ারি)—এই দুটি দিনকে জাতীয়ভাবে পালিত দিবসের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
ফলে এখন থেকে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে প্রতিবছর যথাক্রমে ৭ অক্টোবর “আবরার ফাহাদ দিবস” এবং ২৫ ফেব্রুয়ারি “বিডিআর ম্যাসাকার দিবস” বিশেষ আয়োজনে পালিত হবে।
সরকারের এই সিদ্ধান্তকে অনেকে দেশের রাজনৈতিক সংস্কৃতি ও মানবিক চেতনা পুনর্গঠনের প্রচেষ্টা হিসেবে দেখছেন।









