ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছেই, ২৪ ঘণ্টায় আরও ১০ মৃত্যু
সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
দেশে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ রূপ নিয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৯৯৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
মঙ্গলবার (৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮১ জনে। এর মধ্যে শুধু সেপ্টেম্বর মাসেই মারা গেছেন ১৪৮ জন। এছাড়া অক্টোবরের প্রথম পাঁচ দিনে ৩৬ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
বুলেটিনে বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৯৯৬ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৯০ হাজার ৩৫৬ জন।
একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৯৬৪ জন। এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৮৪ হাজার ২৯৯ জন।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে—৮৬১ জন। এছাড়া খুলনা বিভাগে ৩০২ জন, চট্টগ্রামে ২৪২ জন, বরিশালে ২০৩ জন, রাজশাহীতে ১৯৯ জন, ময়মনসিংহে ৯৬ জন এবং রংপুর বিভাগে ৭৫ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দ্রুত বাড়তে থাকায় হাসপাতালগুলোতে রোগীর চাপও ক্রমেই বাড়ছে।
এমকে/বিএম২৪









