স্মিথের ক্যাচ ফসকালেন তানজিদ তামিম
সূত্রঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্ক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংনের শুরুতেই দারুণ চাপে ফেলেছে বাংলাদেশের পেস আক্রমণ। তবে সেই চাপ আরও বাড়ানোর সুযোগ হাতছাড়া করেছে বাংলাদেশ। গুরুত্বপূর্ণ মুহূর্তে অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার স্টিভ স্মিথের ক্যাচ ছেড়ে দিয়েছেন তানজিদ তামিম।
ইনিংসের ১৭তম ওভারের দ্বিতীয় বলে এবাদত হোসেনের করা বল স্মিথের ব্যাটের কিনারা ছুঁয়ে তৃতীয় স্লিপের দিকে যায়। সেখানে বলটি তালুবন্দি করতে ঝাঁপিয়ে পড়েন তানজিদ তামিম।
তবে হাতে এসেও ক্যাচটি ধরে রাখতে পারেননি তিনি। মুহূর্তের মধ্যেই বলটি তার হাত থেকে বেরিয়ে যায়। ফলে বড় বিপদ থেকে বেঁচে গিয়ে নতুন জীবন পান স্মিথ।
ক্যাচটি হাতছাড়া হওয়ার পর হতাশায় বাংলাদেশের খেলোয়াড়দের মাথায় হাত দিতে দেখা যায়। ধারাভাষ্যকার কোপেল্যান্ডও ঘটনাটিকে বাংলাদেশের জন্য বড় সুযোগ নষ্ট হিসেবে উল্লেখ করেন।
স্মিথের মতো অভিজ্ঞ ও বিপজ্জনক ব্যাটারকে এমন গুরুত্বপূর্ণ সময়ে জীবন দেওয়া বাংলাদেশের জন্য বড় ক্ষতির কারণ হয়ে উঠতে পারে। এখন দেখার বিষয়, তানজিদের এই ক্যাচ মিসের মূল্য ম্যাচে কতটা দিতে হয় বাংলাদেশকে।









