রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

প্রকাশিত: ১৩ আগস্ট ২০২৬, ০২:২৯ পিএম
রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

সূত্রঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক



রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে এলডিপির চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র নির্বাচন কমিশনে (ইসি) জমা দেওয়া হয়েছে।


বৃহস্পতিবার (১৩ আগস্ট) বেলা ১১টা ৪৯ মিনিটের দিকে ১১ দলীয় ঐক্যের নেতারা প্রধান নির্বাচন কমিশনার ও রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনী কর্তা এ এম এম নাসির উদ্দিনের কাছে মনোনয়নপত্র জমা দেন।


জানা গেছে, মনোনয়নপত্রে অলি আহমদের প্রস্তাবক হিসেবে রয়েছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। সমর্থক হিসেবে রয়েছেন এনসিপির সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিন।


বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ এবং এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী নির্বাচনী কর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন। এ সময় ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় নেতারা ও কয়েকজন সংসদ সদস্য উপস্থিত ছিলেন।


ঘোষিত তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই হবে আগামী ১৬ আগস্ট। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট।


আগামী ২০ আগস্ট জাতীয় সংসদের সংসদ কক্ষে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ৩৪৯ জন সংসদ সদস্য ভোটার হিসেবে ভোট দেবেন।




এমকে/বিএম২৪