মন্ত্রীর জুতা নিয়ে ভাইরাল প্রচারণা, যা বলল পুলিশ

প্রকাশিত: ১৩ আগস্ট ২০২৬, ০২:৪৮ পিএম
মন্ত্রীর জুতা নিয়ে ভাইরাল প্রচারণা, যা বলল পুলিশ

সূত্রঃ ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক



সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মন্ত্রীর জুতা টানছে পুলিশ’ শিরোনামে ছড়িয়ে পড়া প্রচারণাকে অসত্য, অবান্তর ও কল্পনাপ্রসূত বলে দাবি করেছে বাংলাদেশ পুলিশ।


বৃহস্পতিবার (১৩ আগস্ট) বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়।


পুলিশ জানায়, গত ৭ আগস্ট শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজার সদর থানার আওতাধীন বাহারছড়া জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। একই মসজিদে কক্সবাজার সদর থানার অফিসার ইনচার্জ (ওসি)ও নামাজ পড়েন।


পুলিশের ব্যাখ্যা অনুযায়ী, মসজিদে প্রবেশের সময় ওসি নিজের জুতা খুলে ভেতরে যান। নামাজ শেষে তিনি নিজের জুতা হাতে নিয়েই মসজিদ থেকে বের হন। এ সময় মসজিদের প্রবেশপথে স্বরাষ্ট্রমন্ত্রীর জুতা রাখা ছিল।


বাংলাদেশ পুলিশ বলছে, ওসি মন্ত্রীর জুতা বা স্যান্ডেল বহন করছেন—এমন প্রচারণা উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়ানো হয়েছে বলে প্রতীয়মান হয়। পুলিশকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যেই এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে বলেও দাবি করেছে সংস্থাটি।


পুলিশের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে এ ধরনের অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে এমন প্রচারণাকে অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত বলে উল্লেখ করেছে বাংলাদেশ পুলিশ।



এমকে/বিএম২৪