খাগড়াছড়ি চেঙ্গী স্কয়ার থেকে ২৪টি গুইসাপসহ নারী আটক

প্রকাশিত: ১৩ আগস্ট ২০২৬, ০৩:২৪ পিএম
খাগড়াছড়ি চেঙ্গী স্কয়ার থেকে ২৪টি গুইসাপসহ নারী আটক

সূত্রঃ সংগৃহীত

বিপ্লব তালুকদার ;খাগড়াছড়ি  প্রতিনিধি



চেঙ্গী স্কয়ার এলাকা থেকে ২৪টি গুইসাপসহ এক নারীকে আটক করেছে জেলা প্রশাসন ও বন বিভাগ। উদ্ধার হওয়া গুইসাপের মধ্যে ১০টি জীবিত এবং ১৪টি মৃত ছিল। জীবিত গুইসাপগুলো পরে আলুটিলার প্রাকৃতিক বনে অবমুক্ত করা হয়েছে।

আটক নারীর নাম প্রেমরাছো মারমা। তিনি খাগড়াছড়ির পানছড়ি উপজেলার কুরাদিয়াছড়া গ্রামের অংগিও মারমার স্ত্রী।

জেলা প্রশাসন ও বন বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে চেঙ্গী স্কয়ার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পাঁচটি বস্তায় রাখা গুইসাপগুলো উদ্ধার করা হয় এবং প্রেমরাছো মারমাকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রেমরাছো মারমা জানান, খাগড়াছড়িতে বিক্রির উদ্দেশ্যে চট্টগ্রামের বারইয়ারহাট থেকে ২২ হাজার টাকায় গুইসাপগুলো কিনে এনেছিলেন তিনি।

খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা জানান, পাঁচটি বস্তা থেকে মোট ২৪টি গুইসাপ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ১০টি জীবিত এবং ১৪টি মৃত অবস্থায় পাওয়া যায়। জীবিত গুইসাপগুলো আলুটিলার প্রাকৃতিক বনে ছেড়ে দেওয়া হয়েছে। মৃত গুইসাপগুলো মাটিচাপা দেওয়া হয়েছে।

বন বিভাগের কর্মকর্তারা জানান, বন্যপ্রাণী ধরা, পরিবহন ও বিক্রি জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

জেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দুর্জয় গোস্বামী জানান, আটক প্রেমরাছো মারমাকে খাগড়াছড়ি সদর থানায় পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে।



এমকে/বিএম২৪