পুঁজিবাজার থেকে ১৫০০ কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা করছে সিটি গ্রুপ
সূত্রঃ সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
দেশের পুঁজিবাজার থেকে সর্বোচ্চ ১ হাজার ৫০০ কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা করছে সিটি গ্রুপ। এর মাধ্যমে প্রথমবারের মতো বাংলাদেশের ইকুইটি পুঁজিবাজারে প্রবেশ করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সিটি গ্রুপের করপোরেট প্রধান কার্যালয়ে এ-সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়। প্রতিষ্ঠানটি জানিয়েছে, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া, নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন এবং বাজার পরিস্থিতি বিবেচনায় নিয়ে আগামী ১২ থেকে ১৮ মাসের মধ্যে তহবিল সংগ্রহের কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্য রয়েছে।
সিটি গ্রুপের ভবিষ্যৎ প্রবৃদ্ধি ও অর্থায়নের প্রয়োজন মেটাতে অন্যান্য উৎসের পাশাপাশি পুঁজিবাজারকে একটি টেকসই অর্থায়ন মাধ্যম হিসেবে বেছে নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির এই উদ্যোগের ফলে বাজারে নতুন ইস্যুকারী প্রতিষ্ঠানের সংখ্যা বাড়বে এবং বিনিয়োগকারীদের জন্য নতুন সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
প্রস্তাবিত তহবিল সংগ্রহের ইস্যু ম্যানেজার হিসেবে নিয়োগ পেয়েছে লংকাবাংলা ইনভেস্টমেন্টস পিএলসি। তহবিল সংগ্রহের পদ্ধতি হিসেবে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও), প্রাইভেট ইকুইটি, প্রেফারেন্স শেয়ার, করপোরেট বন্ড, সুকুক কিংবা অনুমোদিত অন্য কোনো পুঁজিবাজার উপকরণ ব্যবহার করা হতে পারে।
সব ধরনের বিধিবিধান ও প্রয়োজনীয় নিয়ন্ত্রক অনুমোদন সাপেক্ষে লংকাবাংলা ইনভেস্টমেন্টস ইস্যু ব্যবস্থাপনা ও সংশ্লিষ্ট পুঁজিবাজার কার্যক্রম পরিচালনা করবে।
এদিকে, প্রস্তাবিত লেনদেনের সঙ্গে সংশ্লিষ্ট অনুমোদিত ব্যাংকিং সেবা ও অবকাঠামো দিতে লংকাবাংলা ইনভেস্টমেন্টসের সঙ্গে ব্যাংকিং পার্টনার ও ব্যাংকার টু দ্য ইস্যু হিসেবে কাজ করবে ওয়ান ব্যাংক পিএলসি।
উভয় প্রতিষ্ঠানের অভিজ্ঞতা ও দক্ষতাকে কাজে লাগিয়ে সিটি গ্রুপের জন্য উপযুক্ত অর্থায়ন কাঠামো তৈরি করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। একই সঙ্গে সিটি গ্রুপের পুঁজিবাজারে প্রবেশ অন্য করপোরেট প্রতিষ্ঠানগুলোকেও বিকল্প অর্থায়নের উৎস হিসেবে পুঁজিবাজার বেছে নিতে উৎসাহিত করবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সিটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. হাসান, স্পন্সর শেয়ারহোল্ডার ও পরিচালক ফারজানা রহমান ও শম্পা রহমান, লংকাবাংলা ইনভেস্টমেন্টস পিএলসির পরিচালক ও লংকাবাংলা সিকিউরিটিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী এবং ওয়ান ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মুহিত রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমকে/বিএম২৪









