আওয়ামী লীগের সাবেক এমপি রফিকুল ইসলাম মারা গেছেন
সূত্রঃ ফাইল ছবি
জেলা প্রতিনিধি
চাঁদপুর-২ (মতলব উত্তর-মতলব দক্ষিণ) আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল (অব.) মুহাম্মদ রফিকুল ইসলাম মারা গেছেন।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
তার ছোট ভাই তৌফিকুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মুহাম্মদ রফিকুল ইসলাম ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) মনোনীত প্রার্থী হিসেবে চাঁদপুর-২ আসন থেকে নির্বাচিত হন।
১৯৫২ সালের ২ ফেব্রুয়ারি চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার বাইশপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। পাকিস্তান বিমানবাহিনীর সারগোদা কলেজে পড়াশোনা শেষে ১৯৭১ সালে কমিশন লাভের মাধ্যমে তার সামরিক জীবনের সূচনা হয়।
সামরিক জীবনে সর্বোচ্চ পর্যায়ে উন্নীত হয়ে বাংলাদেশ বিমানবাহিনীর প্রধানের দায়িত্ব পালন করেন রফিকুল ইসলাম। ২০০১ সালের ৪ জুন থেকে ২০০২ সালের ৭ এপ্রিল পর্যন্ত তিনি বিমানবাহিনী প্রধান হিসেবে দায়িত্বে ছিলেন।
অবসর নেওয়ার পর তিনি রাজনীতিতে সক্রিয় হন এবং ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার বাদ জুমা ঢাকার এয়ারফোর্স মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী তার দাফন সম্পন্ন করা হবে।
এমকে/বিএম২৪









