গণভোটের রায় মানলে অলি রাষ্ট্রপতি হতেন: জামায়াত
সূত্রঃ সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
গণভোটের রায় কার্যকর হলে ১১ দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হতেন বলে মন্তব্য করেছে জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (১২ আগস্ট) অলি আহমেদের পক্ষে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেওয়ার পর এ কথা বলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।
তিনি বলেন, সংসদ সদস্যদের স্বাধীনভাবে মতামত দেওয়ার সুযোগ থাকা উচিত ছিল। গণভোটের রায় কার্যকর হলে কর্নেল অলি আহমেদ বিপুল ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হতেন। একই সঙ্গে গণভোটের রায় বাস্তবায়ন করলে বিএনপিও বিতর্কমুক্ত থাকতে পারত।
সচিবালয়ে রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের বৈঠক নিয়েও আপত্তি জানান হামিদুর রহমান আযাদ। তিনি বলেন, সচিবালয়ে এ ধরনের রাজনৈতিক বৈঠক হওয়া কাম্য নয়।
মনোনয়নপত্র জমা দেওয়ার বিষয়ে তিনি বলেন, প্রয়োজনীয় সব তথ্য-উপাত্ত সুনির্দিষ্টভাবে জমা দেওয়া হয়েছে। এবারের রাষ্ট্রপতি নির্বাচনকে ব্যতিক্রম উল্লেখ করে তিনি বলেন, এর আগে সাধারণত সংসদে সংখ্যাগরিষ্ঠ দলই রাষ্ট্রপতি পদে প্রার্থী দিত। এবার ১১ দল একসঙ্গে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
হামিদুর রহমান আযাদ বলেন, বাংলাদেশের গণতন্ত্র চর্চায় নতুন ধারা তৈরি করতেই ১১ দল প্রার্থী দিয়েছে। জয়-পরাজয় তাদের কাছে মুখ্য নয়; প্রতিদ্বন্দ্বিতাই মূল লক্ষ্য।
তিনি আরও অভিযোগ করেন, বিএনপি নানা কৌশলে সংসদে নিজেদের সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে।
এমকে/বিএম২৪









