মাসসেরার লড়াইয়ে বাংলাদেশের তামিম
সূত্রঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্ক
আইসিসির জুলাই মাসের সেরা ক্রিকেটারের পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের ওপেনার তানজিদ হাসান তামিম। তাঁর সঙ্গে এই পুরস্কারের লড়াইয়ে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার জাস্টিন গ্রিভস ও ইংল্যান্ডের ব্যাটার হ্যারি ব্রুক।
জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে সাদা বলের দুই সিরিজে দুর্দান্ত ব্যাটিং করেছেন তামিম। দুই সংস্করণ মিলিয়ে তিনিই ছিলেন বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক।
ওয়ানডে সিরিজে তিন ম্যাচে ১৫৯ রান করেন বাঁহাতি এই ওপেনার। তাঁর ব্যাটিং গড় ছিল ৫৩ এবং স্ট্রাইক রেট ৮৯.৮৩। এরপর পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও ধারাবাহিকতা ধরে রেখে ১৪০ রান করেন তামিম। এ সময়ে তাঁর গড় ছিল ৭০ এবং স্ট্রাইক রেট ১২৭.২৭।
তামিমের সঙ্গে মাসসেরার লড়াইয়ে থাকা গ্রিভস জুলাইয়ে ব্যাট ও বল—দুই বিভাগেই নজর কেড়েছেন। শ্রীলঙ্কার বিপক্ষে নর্থ সাউন্ড টেস্টে দুর্দান্ত ১৮০ রানের ইনিংস খেলেন তিনি। ওই ম্যাচ ড্র হলেও সিরিজ ১-০ ব্যবধানে জেতে ওয়েস্ট ইন্ডিজ।
মাসের শেষ দিকে পাকিস্তানের বিপক্ষে তারাউবা টেস্টে বল হাতেও অসাধারণ পারফর্ম করেন গ্রিভস। প্রথম ইনিংসে ২৭ রানে পাঁচ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে আরও দুটি উইকেট শিকার করেন ১২ রান দিয়ে। তাঁর বোলিং নৈপুণ্যে ম্যাচটি জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ। জুলাইয়ে দুই টেস্টে ২১৫ রান করার পাশাপাশি আটটি উইকেট নেন গ্রিভস। তাঁর ব্যাটিং গড় ছিল ৭১.৬৬ এবং বোলিং গড় ১০.২৫। দুটি ওয়ানডেতে তাঁর সংগ্রহ ছিল ৩২ রান।
অন্যদিকে, ভারতের বিপক্ষে সাদা বলের দুই সিরিজে ইংল্যান্ডের হয়ে আলো ছড়িয়েছেন হ্যারি ব্রুক। তিন ওয়ানডেতে মাত্র ৩১ রান করলেও টি-টোয়েন্টি সিরিজে ছিলেন দুর্দান্ত। পাঁচ ম্যাচে ২২৯ রান করেছেন তিনি। তাঁর ব্যাটিং গড় ১১৪.৫০ এবং স্ট্রাইক রেট ২১৪.০১।
তিন ক্রিকেটারের পারফরম্যান্স বিবেচনায় নিয়ে জুলাই মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত করবে আইসিসি।
এমকে/বিএম২৪








