মক্কার জাদুঘরে ১৮শ শতকের হাতে লেখা কোরআন
সূত্রঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক
সৌদি আরবের মক্কার হিরা কালচারাল ডিস্ট্রিক্টে অবস্থিত হলি কোরআন জাদুঘরে প্রদর্শন করা হচ্ছে ১৮শ শতকের একটি হাতে লেখা পবিত্র কোরআনের পাণ্ডুলিপি।
সোমবার (৯ আগস্ট) সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাতে এ তথ্য জানিয়েছে আরব নিউজ।
ঐতিহাসিক এই পাণ্ডুলিপিতে কোরআনের আয়াত লেখার পাশাপাশি রয়েছে অত্যন্ত নিখুঁত অলংকরণ। এতে সে সময়ের ইসলামী ক্যালিগ্রাফি ও পাণ্ডুলিপি অলংকরণশিল্পের সূক্ষ্মতা এবং সৌন্দর্যের অনন্য নিদর্শন ফুটে উঠেছে।
কালো কালি দিয়ে লেখা পাণ্ডুলিপিটিতে ইসলামী ক্যালিগ্রাফির একাধিক ধারার বৈশিষ্ট্য দেখা যায়। এতে লেখকের দক্ষতা এবং বিভিন্ন ক্যালিগ্রাফি রীতির বৈশিষ্ট্য সঠিকভাবে প্রয়োগের সক্ষমতারও প্রমাণ মেলে।
পাণ্ডুলিপিতে হরকত ও অন্যান্য স্বরচিহ্ন অত্যন্ত যত্নের সঙ্গে যুক্ত করা হয়েছে। সে সময় হাতে লেখা কোরআনের শুদ্ধতা ও নির্ভুলতা নিশ্চিত করতে কতটা গুরুত্ব দেওয়া হতো, এসব চিহ্নে তারই প্রতিফলন রয়েছে।
পাণ্ডুলিপির প্রথম দিকের পাতাগুলোতে রয়েছে ফুলেল নকশা ও সূক্ষ্ম কারুকাজ। এসব অলংকরণ ১৮শ শতকের কোরআনিক পাণ্ডুলিপি শিল্পের বিশেষ বৈশিষ্ট্য তুলে ধরে।
জাদুঘরে প্রদর্শিত এই ঐতিহাসিক নিদর্শন দর্শনার্থীদের হাতে লেখা কোরআনের ইতিহাস ও বিকাশ সম্পর্কে জানার সুযোগ করে দিচ্ছে। পাশাপাশি আরবি ক্যালিগ্রাফির বিবর্তন, পাণ্ডুলিপি তৈরির কৌশল এবং বিভিন্ন সময়ে ব্যবহৃত অলংকরণ ও সোনালি কারুকাজ সম্পর্কেও ধারণা পাওয়া যাচ্ছে।
১৮শ শতকের এই পাণ্ডুলিপি শুধু ধর্মীয় ঐতিহ্যের গুরুত্বপূর্ণ নিদর্শন নয়; এটি ইসলামী শিল্প, আরবি ক্যালিগ্রাফি এবং প্রাচীন পাণ্ডুলিপি সংরক্ষণের দীর্ঘ ইতিহাসেরও মূল্যবান দলিল।
এমকে/বিএম২৪








