২১ স্কুলে শতভাগ সাফল্য, ৮টিতে পাস করেনি কেউ
সূত্রঃ সংগৃহীত
চট্টগ্রাম প্রতিনিধি
চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলাফলে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ২১টি বিদ্যালয়ের সব শিক্ষার্থী পাস করেছে। অন্যদিকে, আটটি বিদ্যালয় থেকে কোনো শিক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেনি।
সোমবার (১০ আগস্ট) সকালে চট্টগ্রাম শিক্ষা বোর্ড প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে এ তথ্য জানানো হয়। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী ফলাফল ঘোষণা করেন।
বোর্ডের তথ্য অনুযায়ী, এ বছর চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ১ হাজার ২১৮টি বিদ্যালয় থেকে শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ১০টি বিদ্যালয়ে পাসের হার ১০ শতাংশের নিচে। ১১ থেকে ৫০ শতাংশ শিক্ষার্থী পাস করেছে ৪৬৮টি বিদ্যালয়ে। আর ৫১ থেকে ৯৯ শতাংশ পাসের হার রয়েছে ৬৯৩টি বিদ্যালয়ে।
এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ২১৮টি কেন্দ্রে মোট ১ লাখ ৩০ হাজার ৬৮২ জন শিক্ষার্থী পরীক্ষার জন্য নিবন্ধিত ছিল। পরীক্ষায় উপস্থিত হয় ১ লাখ ৩০ হাজার ২১৯ জন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৫৯ দশমিক ৪৮ শতাংশ। গত পাঁচ বছরের মধ্যে এবারই বোর্ডটির পাসের হার সবচেয়ে কম।
এর আগে ২০২৫ সালে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার ছিল ৭২ দশমিক ০৭ শতাংশ। ২০২৪ সালে ৮২ দশমিক ৮০ শতাংশ, ২০২৩ সালে ৭৮ দশমিক ২৯ শতাংশ এবং ২০২২ সালে ৮৭ দশমিক ৫৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছিল।
এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৩৯৮ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ৪ হাজার ১২৩ জন ছাত্র এবং ৫ হাজার ২৭৫ জন ছাত্রী। অর্থাৎ জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রেও ছাত্রদের তুলনায় ছাত্রীরা এগিয়ে রয়েছে।
তিন পার্বত্য জেলার মধ্যে পাসের হারে শীর্ষে রয়েছে বান্দরবান। জেলাটিতে পাসের হার ৬৩ দশমিক ১২ শতাংশ। খাগড়াছড়িতে ৬০ দশমিক ৭৭ শতাংশ এবং রাঙামাটিতে ৫৬ দশমিক ৫৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।
এ ছাড়া চট্টগ্রাম মহানগরে পাসের হার ৮১ দশমিক ০৩ শতাংশ। মহানগর বাদে চট্টগ্রাম জেলায় পাসের হার ৭১ দশমিক ২৯ শতাংশ এবং মহানগরসহ পুরো চট্টগ্রাম জেলায় এ হার ৭৪ দশমিক ৯০ শতাংশ। কক্সবাজারে পাসের হার ৭০ দশমিক ৭৬ শতাংশ।
এমকে/বিএম২৪









