হত্যাচেষ্টা মামলায় এমপি গাজী নজরুলের আগাম জামিন

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৭:৪৭ পিএম
হত্যাচেষ্টা মামলায় এমপি গাজী নজরুলের আগাম জামিন

সূত্রঃ সংগৃহীত



হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম হাইকোর্ট থেকে আগাম জামিন পেয়েছেন। সোমবার (১০ আগস্ট) বিকেলে আদালত তাকে এ জামিন দেন।


এর আগে গত ২২ জুলাই রাজধানীর পল্লবী থানায় গাজী নজরুল ইসলামসহ পাঁচজনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা করেন ওবায়দুর রহমান নামে এক ব্যক্তি। মামলায় ভুক্তভোগী তরুণীকে নিজের ভাগ্নি বলে উল্লেখ করেন বাদী।


মামলার এজাহার অনুযায়ী, ওবায়দুর রহমান পল্লবীর কালশী এলাকায় তার বোনের ‘রোজ গার্ডেন টাওয়ার’ বাসায় থাকতেন এবং এমপি গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত গাড়িচালক হিসেবে কাজ করতেন। আত্মীয়তার সূত্রে ওই বাসায় যাতায়াতের সময় নজরুল ইসলামের সঙ্গে ওবায়দুরের ভাগ্নির ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয় বলে অভিযোগ করা হয়েছে।


বিষয়টি জানতে পেরে ওবায়দুর রহমান তার পরিবারকে জানান এবং নজরুল ইসলামকে ওই সম্পর্ক থেকে বিরত থাকার অনুরোধ করেন। এতে ক্ষুব্ধ হয়ে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে।


বাদীর অভিযোগ, মগবাজারের একটি চক্র এমপি নজরুল ইসলাম ও ওই তরুণীর কিছু ব্যক্তিগত ভিডিও সংগ্রহ করে তাকে ব্ল্যাকমেইল করছিল। এতে নজরুল ইসলাম ধারণা করেন, ওবায়দুর রহমানই ভিডিওগুলো ধারণ করে গণমাধ্যম ও ওই চক্রের কাছে দিয়েছেন। এ বিরোধের জেরে গত ১৪ জুলাই তার ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ করেন বাদী।


এজাহারে আরও বলা হয়, ওইদিন বেলা ১১টার দিকে আমিনুর রহমান কৌশলে ওবায়দুর রহমানকে ড্রয়িংরুমে ডেকে নেন। সেখানে অন্য আসামিদের সঙ্গে নিয়ে তাকে লাঠি দিয়ে মারধর করা হয়। একপর্যায়ে তাকে মেঝেতে ফেলে গলা টিপে হত্যার চেষ্টা করা হয়। এ সময় ওবায়দুরের মা তাহমিনা ও ছোট বোন মীম এগিয়ে এসে চিৎকার করলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তিনি কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসা নেন।


এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ার পর তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা জানায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। পরে জরুরি বৈঠকে নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় ২২ জুলাই বিকেলে তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্তের কথা জানায় দলটি।