২৪২ জনই জিপিএ-৫, দিনাজপুরের স্কুলে অবিশ্বাস্য সাফল্য!

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৭:২১ পিএম
২৪২ জনই জিপিএ-৫, দিনাজপুরের স্কুলে অবিশ্বাস্য সাফল্য!

সূত্রঃ সংগৃহীত

দিনাজপুর প্রতিনিধি



দিনাজপুরের চিরিরবন্দর আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া ২৪২ জন শিক্ষার্থীর সবাই জিপিএ-৫ পেয়েছে। এর মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি ফলাফলে অনন্য সাফল্য অর্জনের ধারাবাহিকতা ধরে রেখেছে।


সোমবার (১০ আগস্ট) সকালে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


এর আগে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটির ১৬৯ জন শিক্ষার্থীর মধ্যে ১৬৮ জন জিপিএ-৫ পেয়েছিল। এবার শতভাগ শিক্ষার্থী জিপিএ-৫ পাওয়ায় প্রতিষ্ঠানটির সাফল্যে নতুন মাত্রা যুক্ত হয়েছে।


চমৎকার ফলাফলের জন্য শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে অভিনন্দন জানিয়েছেন চিরিরবন্দর-খানসামা আসনের সংসদ সদস্য ও হুইপ আলহাজ মো. আখতারুজ্জামান মিয়া। তিনি বলেন, এ ফলাফলে তিনি সন্তুষ্ট। আগামী দিনে আরও ভালো ফলাফল অর্জনে সবাইকে আরও যত্নশীল ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।


স্কুলের পরিচালক ও অধ্যক্ষ আলহাজ মো. মমিনুল ইসলাম বলেন, শিক্ষকদের নিবিড় পরিচর্যা ও আন্তরিকতা, শিক্ষার্থীদের নিয়মিত অধ্যবসায় এবং অভিভাবকদের পূর্ণ সহযোগিতার কারণেই এ সাফল্য এসেছে।


তিনি আরও বলেন, প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের প্রতিটি মুহূর্তের কার্যক্রম গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হয়। নিয়মিত মনিটরিংয়ের পাশাপাশি তাদের পড়াশোনার প্রতি বিশেষ নজর দেওয়া হয়। ভবিষ্যতেও এ সাফল্যের ধারা ধরে রাখতে প্রতিষ্ঠানটি সর্বাত্মকভাবে কাজ করে যাবে।




এমকে/বিএম২৪