ভিকারুননিসায় এসএসসিতে ফেল ৪৩
সূত্রঃ ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ৪৩ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। এ ছাড়া ফরম পূরণ করেও পরীক্ষায় অংশ নেয়নি আরও ১১ জন।
সোমবার (১০ আগস্ট) সকাল ১০টার দিকে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর প্রতিষ্ঠানটির ফলাফল বিশ্লেষণ করে এসব তথ্য জানা গেছে।
এ বছর ভিকারুননিসা থেকে এসএসসি পরীক্ষার জন্য ২ হাজার ১২৭ জন শিক্ষার্থী ফরম পূরণ করে। এর মধ্যে নিয়মিত শিক্ষার্থী ছিল ২ হাজার ৭৬ জন এবং অনিয়মিত ৫১ জন। ফরম পূরণ করা শিক্ষার্থীদের মধ্যে ১১ জন পরীক্ষায় অনুপস্থিত থাকায় শেষ পর্যন্ত পরীক্ষায় অংশ নেয় ২ হাজার ১১৬ জন।
পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে ২ হাজার ৭৩ জন পাস করেছে। অকৃতকার্য হয়েছে ৪৩ জন। প্রতিষ্ঠানটির গড় পাসের হার ৯৭ দশমিক ৯৭ শতাংশ। এ বছর জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ১১৫ জন।
বিভাগভিত্তিক ফলাফলে সবচেয়ে ভালো করেছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। এ বিভাগ থেকে ১ হাজার ৮৭৪ জন পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে ১ হাজার ৮৪৩ জন এবং ফেল করেছে ৩১ জন। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৯৮ জন।
মানবিক বিভাগে পরীক্ষার্থী ছিল ৫৫ জন। এর মধ্যে ৫১ জন পাস করেছে এবং চারজন অকৃতকার্য হয়েছে। এ বিভাগে জিপিএ-৫ পেয়েছে দুজন। পাসের হার ৯২ দশমিক ৭৩ শতাংশ।
ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে পরীক্ষা দিয়েছে ১৮৮ জন। তাদের মধ্যে ১৭৯ জন পাস করেছে এবং আটজন ফেল করেছে। এ বিভাগে পাসের হার ৯৫ দশমিক ৭২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১৫ জন।
প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগম বলেন, এবার সারাদেশেই এসএসসি পরীক্ষার ফলাফল তুলনামূলক খারাপ হয়েছে। এর কিছুটা প্রভাব ভিকারুননিসাতেও পড়েছে। তবে গত কয়েক বছরের ধারাবাহিক ফলাফলে বড় ধরনের পরিবর্তন হয়নি।
এমকে/বিএম২৪









