মরিনহোর প্রত্যাবর্তনে জয়ে শুরু হলো না রিয়ালের

প্রকাশিত: ০২ আগস্ট ২০২৬, ০৯:২৪ এএম
মরিনহোর প্রত্যাবর্তনে জয়ে শুরু হলো না রিয়ালের

সূত্রঃ ফাইল ছবি

স্পোর্টস ডেস্ক


নতুন মৌসুমের প্রস্তুতি শুরু করেছে ইউরোপের শীর্ষ ক্লাবগুলো। প্রাক-মৌসুমের প্রথম ম্যাচেই নতুন কোচ হোসে মরিনহোর অধীনে মাঠে নেমে জয়ের দেখা পায়নি রিয়াল মাদ্রিদ। ইতালিয়ান ক্লাব ফিওরেন্তিনার বিপক্ষে ২-২ গোলের ড্র করেছে স্প্যানিশ জায়ান্টরা।


অস্ট্রিয়ার ক্লাগেনফুর্টের ওর্থারসি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই দাপট দেখায় রিয়াল। ১২ মিনিটে এন্দ্রিকের গোলে এগিয়ে যায় দলটি। ২৪ মিনিটে একাডেমি থেকে উঠে আসা অ্যালেক্সিস সিরিয়া ব্যবধান দ্বিগুণ করলে প্রথমার্ধ ২-০ ব্যবধানে শেষ করে লস ব্লাঙ্কোসরা।


তবে বিরতির পর ম্যাচে ঘুরে দাঁড়ায় ফিওরেন্তিনা। রবার্তো পিকোলি ও মোয়াসে কিনের গোলে সমতায় ফেরে ইতালিয়ান ক্লাবটি। ফলে শেষ পর্যন্ত ২-২ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় মরিনহোর দলকে।


প্রথম ম্যাচেই অভিজ্ঞ ও তরুণ ফুটবলারদের সমন্বয়ে একাদশ সাজান মরিনহো। শুরুর একাদশে ছিলেন আন্দ্রি লুনিন, ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ড, আলভারো কারেরাস, ফেদেরিকো ভালভার্দে, এদুয়ার্দো কামাভিঙ্গা, আর্দা গুলের, ডেনজেল ডামফ্রিস ও এন্দ্রিক। পাশাপাশি সুযোগ পান একাডেমির তিন ফুটবলার জোয়ান মার্তিনেজ, মারিও রিভাস ও অ্যালেক্সিস সিরিয়া।


দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে অভিষেক হয় সদ্য রিয়ালে যোগ দেওয়া তরুণ ফরোয়ার্ড কার্লোস এসপির। বৃহস্পতিবারই ক্লাবটিতে যোগ দেওয়া এই ফুটবলার ম্যাচের শেষ দিকে হেড থেকে গোল করার দারুণ সুযোগ পেলেও সেটি কাজে লাগাতে পারেননি।


অভিষেকের পর উচ্ছ্বাস প্রকাশ করে কার্লোস এসপি বলেন, “আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। রিয়ালে যোগ দেওয়ার ৭২ ঘণ্টাও হয়নি। এর মধ্যেই অনুশীলন করেছি এবং অভিষেকও হয়ে গেল। কোচ মরিনহো আমাকে নিজের স্বাভাবিক খেলাটা খেলতে এবং প্রতিপক্ষের বক্সে গিয়ে সুযোগ তৈরির নির্দেশ দিয়েছেন।”


এমকে/বিএম২৪