আগুনে পুড়ল ইন্দোনেশিয়ার যাত্রীবাহী ফেরি, নিহত ৫, নিখোঁজ ৪১

প্রকাশিত: ০২ আগস্ট ২০২৬, ০৫:৪৭ পিএম
আগুনে পুড়ল ইন্দোনেশিয়ার যাত্রীবাহী ফেরি, নিহত ৫, নিখোঁজ ৪১

সূত্রঃ ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক


ইন্দোনেশিয়ার মাদুরা দ্বীপের কাছে চলন্ত একটি যাত্রীবাহী ফেরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৪১ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। রোববার ২৭১ জন যাত্রী নিয়ে যাত্রা শুরুর কিছুক্ষণের মধ্যেই ফেরিটিতে আগুন লাগে।


দেশটির জাতীয় তল্লাশি ও উদ্ধারকারী সংস্থা বাসারনাস জানায়, পূর্ব জাভার সুরাবায়া থেকে দক্ষিণ সুলাওয়েসির মাকাসারের উদ্দেশ্যে রওনা হওয়ার পর মাদুরা দ্বীপের কাছে কেএমপি মুতিয়ারা সেন্টোসা-২ নামের ফেরিটিতে আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডের বিষয়টি ফেরির ক্যাপ্টেন দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানান।


বাসারনাসের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সকাল ৮টা ২৪ মিনিটে সুরাবায়ার উদ্ধার অফিসে অগ্নিকাণ্ডের খবর পৌঁছে। শিপিং কোম্পানির প্রাথমিক তথ্যে জানা গেছে, সকাল ৬টা থেকে ৭টার মধ্যে ফেরিটিতে আগুন লাগে।


স্থানীয় সংবাদমাধ্যম আইনিউজ প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, লাইফজ্যাকেট পরা বহু যাত্রী উদ্ধারকারী নৌকায় আশ্রয় নিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া আরও কিছু ভিডিওতে দেখা যায়, আগুন ও ঘন ধোঁয়ায় ছেয়ে যাওয়া ফেরির ওপরের অংশ থেকে যাত্রীরা নিচে নেমে প্রাণ বাঁচানোর চেষ্টা করছেন।


বাসারনাস জানায়, আগুনে ফেরিটির প্রায় পুরো অংশ পুড়ে গেছে। উদ্ধারকারী দল পৌঁছানোর আগ পর্যন্ত অনেক যাত্রী ফেরির ব্রিজ ও সামনের অংশ আঁকড়ে ধরে প্রাণ বাঁচানোর চেষ্টা করেছেন।


ইন্দোনেশিয়ার পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, যাত্রী ও ক্রুদের নিরাপত্তাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। দ্রুত ও নিরাপদে উদ্ধার অভিযান সম্পন্ন করতে সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে।


১৭ হাজারেরও বেশি দ্বীপ নিয়ে গঠিত ইন্দোনেশিয়ায় নৌপথে যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম ফেরি। তবে দুর্বল নিরাপত্তা ব্যবস্থা, অতিরিক্ত যাত্রী বহন এবং পর্যাপ্ত জীবনরক্ষাকারী সরঞ্জামের অভাবের কারণে দেশটিতে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে।


এমকে/বিএম২৪