উত্তরখানে উত্তেজনা, ডিএনসিসি প্রশাসক-এমপির ওপর হামলার অভিযোগ

প্রকাশিত: ০২ আগস্ট ২০২৬, ০৫:৩৭ পিএম
উত্তরখানে উত্তেজনা, ডিএনসিসি প্রশাসক-এমপির ওপর হামলার অভিযোগ

সূত্রঃ ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক


রাজধানীর উত্তরখানে পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক ও স্থানীয় সংসদ সদস্যের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।


রোববার (২ আগস্ট) ডিএনসিসির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক জরুরি বার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রাজাবাড়ি এসটিএস এলাকায় পরিচ্ছন্নতাকর্মীদের ওপর স্থানীয় সন্ত্রাসীরা হামলা চালায়। পরিস্থিতি শান্ত করতে এবং স্থানীয়দের সঙ্গে কথা বলতে ঘটনাস্থলে যান ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, স্থানীয় সংসদ সদস্য জাহাঙ্গীর হোসেন, পুলিশের উপ-কমিশনারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।


ডিএনসিসির দাবি, এ সময় প্রশাসক ও সংসদ সদস্যকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। তবে এ ঘটনায় তারা কেউ আহত হননি।


ঘটনার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।


এ বিষয়ে ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা জাকির হোসেন জানান, স্থানীয়দের একটি পক্ষ সিটি করপোরেশনের এসটিএসের কার্যক্রমে বাধা দেয় এবং প্রায় ১৪ জন পরিচ্ছন্নতাকর্মীকে মারধর করে। পরে আহত কর্মীদের হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।


এমকে/বিএম২৪