দুবাইয়ে বেনজীরের মুক্তি, থাকছে কড়া শর্ত

প্রকাশিত: ০২ আগস্ট ২০২৬, ০৪:৩১ পিএম
দুবাইয়ে বেনজীরের মুক্তি, থাকছে কড়া শর্ত

সূত্রঃ ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক


দুবাইয়ের কারাগার থেকে শর্তসাপেক্ষে জামিনে মুক্তি পেয়েছেন বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। আইনি প্রক্রিয়া শেষে গত বৃহস্পতিবার (৩০ জুলাই) তিনি কারামুক্ত হন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে এ বিষয়ে বাংলাদেশ পুলিশ সদর দপ্তর কোনো তথ্য জানে না বলে জানিয়েছে।


দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলার পরিপ্রেক্ষিতে দুবাইয়ে বেনজীর আহমেদকে গ্রেপ্তার করা হয়। দুবাই পুলিশ ও আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সহায়তায় তাকে আটক করা হয়েছিল। গত ১২ জুন এক চিঠির মাধ্যমে এ বিষয়ে বাংলাদেশ কর্তৃপক্ষকে অবহিত করে দুবাই পুলিশ।


এর আগে, অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগে বেনজীর আহমেদের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করে দুদক। এসব অভিযোগের তদন্তের অংশ হিসেবেই তার বিরুদ্ধে আন্তর্জাতিক পর্যায়ে আইনি পদক্ষেপ নেওয়া হয়।


বাংলাদেশ সরকারের পাঠানো প্রত্যর্পণ-সংক্রান্ত নথি ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া নিয়ে দুবাইয়ের আদালতে উভয়পক্ষের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত তাকে শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করেন।


জামিনের শর্ত অনুযায়ী, বেনজীর আহমেদের পাসপোর্ট আদালতের হেফাজতে থাকবে। এছাড়া আদালতের অনুমতি ছাড়া তিনি সংযুক্ত আরব আমিরাত ত্যাগ করতে পারবেন না।




এমকে/বিএম২৪