ভিনিসিয়ুসকে নিয়ে আর্সেনালের বড় পরিকল্পনা, মোটা বেতনের প্রস্তাব!
সূত্রঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্ক
রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রকে দলে ভেড়াতে আগ্রহী ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আর্সেনাল। ইউরোপীয় বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি, রিয়ালের সঙ্গে তার বর্তমান চুক্তির মেয়াদ আর মাত্র এক বছর থাকায় পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে উত্তর লন্ডনের ক্লাবটি।
সাম্প্রতিক তথ্য অনুযায়ী, ভিনিসিয়ুসের প্রথম পছন্দ এখনো রিয়াল মাদ্রিদেই থাকা। তবে নির্ধারিত সময়ে নতুন চুক্তি না হলে আর্সেনালে যোগ দেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এমনকি ব্যক্তিগত চুক্তির মৌলিক বিষয়গুলোতে দুই পক্ষের মধ্যে নীতিগত সমঝোতা হয়েছে বলেও গুঞ্জন রয়েছে।
কিলিয়ান এমবাপে রিয়ালে যোগ দেওয়ার পর থেকেই ভিনিসিয়ুসের ভবিষ্যৎ নিয়ে জোর আলোচনা চলছে। গত দুই মৌসুমে এমবাপে ও ভিনিসিয়ুস মিলে ১৩০ গোল করলেও দলটি বড় কোনো শিরোপা জিততে পারেনি। বিশ্লেষকদের একাংশের মতে, এমবাপে, ভিনিসিয়ুস ও জুড বেলিংহামের মতো আক্রমণভাগের তারকাদের একসঙ্গে খেলানোয় কৌশলগত ভারসাম্যে প্রভাব পড়ছে।
অন্যদিকে, আর্সেনালে যোগ দিলে আক্রমণভাগের প্রধান মুখ হওয়ার সুযোগ পাবেন ভিনিসিয়ুস। ক্লাবটির দীর্ঘমেয়াদি পরিকল্পনার কেন্দ্রেও তাকে রাখা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
রিয়ালের নতুন কোচ হোসে মরিনিয়োর সঙ্গে সম্ভাব্য সম্পর্ক নিয়েও নানা আলোচনা রয়েছে। গত মৌসুমে বেনফিকার বিপক্ষে ম্যাচে প্রেস্টিয়ানি-ঘটনার পর মরিনিয়োর মন্তব্যে ভিনিসিয়ুস সন্তুষ্ট ছিলেন না বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সেই ঘটনাও তার ভবিষ্যৎ সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।
অর্থনৈতিক দিক থেকেও আর্সেনাল বড় প্রস্তাব দিতে প্রস্তুত। ক্লাবটি ভিনিসিয়ুসকে সপ্তাহে চার লাখ পাউন্ডের বেশি বেতন দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। সেই প্রস্তাব বাস্তবায়িত হলে বুকায়ো সাকাকে ছাড়িয়ে আর্সেনালের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলার হবেন এই ব্রাজিলিয়ান উইঙ্গার।
তবে এখনো রিয়াল মাদ্রিদ ও আর্সেনালের মধ্যে কোনো আনুষ্ঠানিক চুক্তি বা সমঝোতা হয়নি। ফলে ভিনিসিয়ুসের ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে রিয়ালের সঙ্গে নতুন চুক্তি নিয়ে চলমান আলোচনার অগ্রগতির ওপর।
এমকে/বিএম২৪








