এক গ্রুপে ভারত-পাকিস্তান, বাংলাদেশের প্রতিপক্ষ কারা?
সূত্রঃ ফাইল ছবি
স্পোর্টস ডেস্ক
আগামী ৪ থেকে ১৭ নভেম্বর বাংলাদেশে অনুষ্ঠিত হবে পুরুষ সাফ চ্যাম্পিয়নশিপ। শনিবার (১ আগস্ট) ভুটানের থিম্পুতে অনুষ্ঠিত ড্রয়ে স্বাগতিক বাংলাদেশ ‘এ’ গ্রুপে জায়গা পেয়েছে।
ফিফার নিষেধাজ্ঞার কারণে নেপালের অংশগ্রহণ অনিশ্চিত থাকায় আপাতত ছয় দল নিয়ে ড্র অনুষ্ঠিত হয়েছে। ড্র অনুযায়ী, চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান একই গ্রুপে পড়েছে। ‘বি’ গ্রুপের অন্য দল মালদ্বীপ। এই গ্রুপ থেকে শীর্ষ দুই দল সেমিফাইনালে উঠবে।
অন্যদিকে, বাংলাদেশের সঙ্গে ‘এ’ গ্রুপে রয়েছে ভুটান ও শ্রীলঙ্কা। তবে সেপ্টেম্বরের মধ্যে নেপালের ওপর থেকে ফিফার নিষেধাজ্ঞা উঠে গেলে দলটি এই গ্রুপেই যুক্ত হবে। সেক্ষেত্রে চার দলের গ্রুপ থেকে শীর্ষ দুই দল সেমিফাইনালে খেলবে। আর নিষেধাজ্ঞা বহাল থাকলে ‘এ’ গ্রুপ তিন দল নিয়েই অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সর্বশেষ ২০০৩ সালে সাফ চ্যাম্পিয়নের শিরোপা জিতেছিল। এরপর দীর্ঘ অপেক্ষার পর ২০২৩ সালে ভারতে অনুষ্ঠিত আসরে সেমিফাইনালে উঠে ১৪ বছরের খরা কাটায় লাল-সবুজের প্রতিনিধিরা। এছাড়া ২০১৮ সালের পর এবার আবারও সাফ চ্যাম্পিয়নশিপের আয়োজক হয়েছে বাংলাদেশ।
গ্রুপপর্বের ড্র:
গ্রুপ ‘এ’: বাংলাদেশ, ভুটান, শ্রীলঙ্কা ও নেপাল (শর্তসাপেক্ষে)
গ্রুপ ‘বি’: ভারত, পাকিস্তান ও মালদ্বীপ









