‘বিএনপি রাজনৈতিক পরকীয়ায় লিপ্ত হচ্ছে’: রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ
ছবি: বিডি মেইল
আল-আমিন, স্টাফ রিপোর্টার (রাজশাহী)
গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও ও লুটপাটের অভিযোগ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরী।
বুধবার (২৫ নভেম্বর) বিকেল ৪টায় মহানগরীর আলুপট্টি মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে রাজশাহী মহানগরী জামায়াতের সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, ‘দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জনগণের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে। রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল ভূমিকা পালনের পরিবর্তে বিএনপি রাজনৈতিক পরকীয়ায় লিপ্ত হচ্ছে।’
তিনি আরও বলেন, রাজনৈতিক স্বার্থ ও ক্ষমতাকেন্দ্রিক কর্মকাণ্ডের পরিবর্তে জনগণের অধিকার, নিরাপত্তা ও দেশের স্থিতিশীলতা নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে ইমাজ উদ্দিন মন্ডল বলেন, সন্ত্রাস, নৈরাজ্য ও লুটপাটের বিরুদ্ধে জনগণকে সোচ্চার হতে হবে। দেশের শান্তি, নিরাপত্তা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় জনসচেতনতা এবং গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
রাজশাহী মহানগরী জামায়াতের আমির ডা. মোহাম্মদ জাহাঙ্গীরের সভাপতিত্বে এবং সাংগঠনিক সেক্রেটারি জসিম উদ্দীন সরকারের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় শূরা সদস্য ও মহানগর জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম, সহকারী সেক্রেটারি মাহবুবুল আহসান বুলবুল, শাহাদাত হোসাইন, আসম মামুন শাহীন এবং যুব বিভাগের সেক্রেটারি সালাউদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন মহানগরীর তরবিয়ত সেক্রেটারি হাফেজ নুরুজ্জামান, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক অধ্যাপক আবুল কালাম আজাদ, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি মেহেদী হাসান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুস সামাদ এবং মহানগর শিল্প ও বাণিজ্যবিষয়ক সেক্রেটারি সারোয়ার জাহান প্রিন্সসহ স্থানীয় নেতারা।
সমাবেশ শেষে নেতারা গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও নৈরাজ্যের অভিযোগের প্রতিবাদ জানান এবং জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।









