ঝিনাইদহে এসআরবির অভিযান, গাঁজাসহ আটক ১
ছবি: বিডি মেইল
মো. আসাদুজ্জামান, বিশেষ প্রতিনিধি
ঝিনাইদহে ২০ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মো. হৃদয় হোসেন (২৪) নামে এক যুবককে আটক করেছে এসআরবি সিপিসি-২-এর সদস্যরা। মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে সদর উপজেলার পোড়াহাটি এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
আটক হৃদয় হোসেন ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি গ্রামের মো. সাহেব হোসেনের ছেলে। উদ্ধার করা গাঁজাসহ তাঁকে ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে এসআরবি ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল সদর উপজেলার ৯ নম্বর পোড়াহাটি এলাকায় অভিযান চালায়। এ সময় হৃদয় হোসেনের বসতঘরের খাটের নিচ থেকে ২০.৫ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং তাঁকে আটক করা হয়।
উদ্ধার করা মাদকদ্রব্যসহ আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাঁকে ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-৬ (সিপিসি-২) কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. ইমামীম মুবীন সরকার সুমন জানান, নিয়মিত মামলার আসামি, বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তার, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের মতো ঘটনায় জড়িত অপরাধীদের বিরুদ্ধে এসআরবির অভিযান অব্যাহত থাকবে।








