পবিপ্রবিতে ১৩ বিভাগে ১৮ প্রভাষক নিয়োগ, আবেদন ১০ ডিসেম্বর পর্যন্ত
ছবি: বিডি মেইল
পবিপ্রবি প্রতিনিধি
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) আটটি অনুষদের ১৩টি বিভাগে প্রভাষক পদে ১৮ জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এসব পদে আগ্রহী প্রার্থীরা আগামী ১০ ডিসেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
বুধবার (২৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে স্থায়ী শূন্য পদে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের কাছ থেকে নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা (প্রযোজ্য ক্ষেত্রে) ও শর্ত অনুসারে আবেদন আহ্বান করা হয়েছে। সব পদের বেতন স্কেল ৮৮ হাজার থেকে ১ লাখ ৫ হাজার ৯০০ টাকা (গ্রেড-৯)।
বিজ্ঞপ্তি অনুযায়ী, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি বিভাগে তিনজন এবং ফিজিক্স অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে একজন প্রভাষক নিয়োগ দেওয়া হবে। ইঞ্জিনিয়ারিং অনুষদের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগে একজন, কৃষি অনুষদের কীটতত্ত্ব বিভাগে তিনজন ও কৃষি বনায়ন বিভাগে একজন এবং এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট অনুষদের এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগে একজন প্রভাষক নেওয়া হবে।
নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স অনুষদের ফুড মাইক্রোবায়োলজি অ্যান্ড সেফটি এবং এনভায়রনমেন্টাল হেলথ অ্যান্ড স্যানিটেশন বিভাগে একজন করে মোট দুজন নিয়োগ পাবেন। অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডেইরি সায়েন্স বিভাগে একজন, অ্যানাটমি অ্যান্ড হিস্টোলজি বিভাগে দুজন এবং অ্যানিমেল প্রোডাক্টস অ্যান্ড বাই-প্রোডাক্টস টেকনোলজি বিভাগে একজন প্রভাষক নিয়োগ দেওয়া হবে।
এ ছাড়া ফিশারিজ অনুষদের মেরিন ফিশারিজ বিভাগ এবং ব্যবসায় প্রশাসন অনুষদের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে একজন করে প্রভাষক নেওয়া হবে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, অ্যানাটমি অ্যান্ড হিস্টোলজি, অ্যানিমেল প্রোডাক্টস অ্যান্ড বাই-প্রোডাক্টস টেকনোলজি, মেরিন ফিশারিজ এবং অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের পদগুলো সহকারী অধ্যাপকের বিপরীতে।
আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে প্রতিটি পদের জন্য ১০ সেট আবেদনপত্র ‘রেজিস্ট্রার, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দুমকি, পটুয়াখালী-৮৬৬০’ ঠিকানায় আগামী ১০ ডিসেম্বর ২০২৬ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে পৌঁছাতে হবে। নির্ধারিত সময়ের পর সরাসরি বা ডাকযোগে পাওয়া কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না।
প্রার্থীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা, শর্তাবলি ও আবেদনপত্র বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের (www.pstu.ac.bd/pstu-forms) মাধ্যমে সংগ্রহ করা যাবে। নিয়োগ বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্বে) অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন।








