হলের সিট দখল নিয়ে ছাত্রদলের সংঘর্ষ, ৮ দফা দাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ০৭:০১ পিএম
হলের সিট দখল নিয়ে ছাত্রদলের সংঘর্ষ, ৮ দফা দাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ

ছবি: বিডি মেইল

পাবিপ্রবি সংবাদদাতা


পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) হলের আসন দখলকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় বিচার, অবৈধভাবে আসন দখল বন্ধ এবং স্বচ্ছ প্রক্রিয়ায় আসন বরাদ্দসহ আট দফা দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি দিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা।


বুধবার (২৫ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে সংবাদ সম্মেলন করেন সংগঠনটির নেতাকর্মীরা। পরে রেজিস্ট্রারের মাধ্যমে উপাচার্য বরাবর আট দফা দাবিসংবলিত স্মারকলিপি দেন তাঁরা। এ সময় প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ করেন সংগঠনটির নেতাকর্মীরা।


বিক্ষোভে ‘বাহ্ ভিসি চমৎকার, সন্ত্রাসীদের পাহারাদার’, ‘বাহ্ প্রশাসন সন্ত্রাসীদের পাহারাদার’ এবং ‘শিক্ষা ও সন্ত্রাস একসঙ্গে চলে না’—এমন বিভিন্ন স্লোগান দেন তাঁরা।


স্মারকলিপিতে উত্থাপিত আট দফা দাবির মধ্যে রয়েছে—


১. হলের অনুমোদিত আসন বরাদ্দের তালিকা ও নীতিমালা যাচাই করে যোগ্য ও বৈধ শিক্ষার্থীদের আগামী তিন কার্যদিবসের মধ্যে আসন বরাদ্দ কার্যকর করতে হবে। পাশাপাশি কবে ও কীভাবে শিক্ষার্থীরা হলে উঠতে পারবেন, তা লিখিতভাবে জানাতে হবে।


২. বহিরাগতরা কীভাবে ক্যাম্পাস ও হলে প্রবেশ করেছে এবং নিরাপত্তা তদারকিতে কোথায় ঘাটতি ছিল, তা সিসিটিভি ফুটেজ, প্রবেশ রেজিস্টার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্যের ভিত্তিতে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।


৩. ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে ছুরি বা অন্য কোনো ধারালো অস্ত্রের ব্যবহার এবং অস্ত্রসহ ব্যক্তিদের উপস্থিতির অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করে জড়িতদের শনাক্ত করতে হবে। প্রয়োজনে তাঁদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করতে হবে।


৪. হলের কক্ষ ও আসন সরেজমিনে যাচাই করে বৈধ বরাদ্দ ছাড়া অথবা অন্যের আসন দখল করে অবস্থানকারীদের শনাক্ত করতে হবে। যথাযথ নোটিশ ও বিশ্ববিদ্যালয়ের বিধি অনুসরণ করে তাঁদের উচ্ছেদ করে বৈধ শিক্ষার্থীদের আসন বুঝিয়ে দিতে হবে।


৫. প্রতিটি আসনের হালনাগাদ ও যাচাইকৃত তালিকা প্রদর্শন করতে হবে। আসন পরিবর্তন, হস্তান্তর কিংবা কাউকে হলে তোলার ক্ষেত্রে হল প্রশাসনের লিখিত অনুমোদন বাধ্যতামূলক করতে হবে, যাতে কোনো গোষ্ঠী আসন বরাদ্দে প্রভাব বিস্তার বা জোরপূর্বক নিয়ন্ত্রণ করতে না পারে।


৬. হলে প্রবেশের সময় পরিচয়পত্র যাচাই, ডিজিটাল রেজিস্টার সংরক্ষণ এবং প্রবেশ ও প্রস্থানের সময় নথিভুক্ত করার ব্যবস্থা কার্যকর করতে হবে। জরুরি প্রয়োজন ছাড়া বহিরাগতদের হলে প্রবেশ নিষিদ্ধ করতে হবে।


৭. আনসার ও নিরাপত্তাকর্মীদের দায়িত্বস্থলে সার্বক্ষণিক উপস্থিতি, নিয়মিত টহল এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া নিশ্চিত করতে হবে। দায়িত্বে অবহেলার জন্য জবাবদিহি নিশ্চিত করতে হবে।


৮. ঘটনা-সংক্রান্ত সিসিটিভি ফুটেজ, প্রবেশ রেজিস্টার, আসন বরাদ্দের নথি ও লিখিত অভিযোগ সংরক্ষণ করতে হবে, যাতে কোনো প্রমাণ নষ্ট না হয়। পাশাপাশি তদন্তের অগ্রগতি ও গৃহীত পদক্ষেপ শিক্ষার্থীদের জানাতে হবে।


এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম জানান, ছাত্রশিবির একটি স্মারকলিপি দিয়েছে। সেটি ইতিমধ্যে উপাচার্যের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে।