চোখে আলো নেই, মেধার আলোয় উজ্জ্বল প্রত্যয়; কলেজে একমাত্র জিপিএ-৫
ছবি: বিডি মেইল
আমান উল্যাহ আমান, গাজীপুর প্রতিনিধি
চোখে আলো নেই, তবে স্বপ্ন পূরণের অদম্য প্রত্যয় রয়েছে। সেই প্রত্যয় আর কঠোর অধ্যবসায়ের মাধ্যমে অসাধ্যকে সাধন করেছেন গাজীপুরের উলফাত কবীর প্রত্যয়।
এবারের এইচএসসি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ অর্জন করে তাক লাগিয়ে দিয়েছেন তিনি।
শুধু তাই নয়, কাজী আজিমুদ্দিন কলেজের প্রায় ১ হাজার ২০০ পরীক্ষার্থীর মধ্যে তিনিই একমাত্র জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী।
দৃষ্টিপ্রতিবন্ধকতা তাঁর স্বপ্ন পূরণের পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। অদম্য ইচ্ছাশক্তি, অধ্যবসায় এবং পরিবারের সহযোগিতায় এই অসাধারণ সাফল্য অর্জন করেছেন প্রত্যয়।
তাঁর এমন সাফল্যে আনন্দিত গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া।
সম্প্রতি তিনি প্রত্যয় ও তাঁর পরিবারের সদস্যদের নিজ কার্যালয়ে আমন্ত্রণ জানান। এ সময় জেলা প্রশাসক প্রত্যয়কে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। পাশাপাশি তাঁর মা-বাবা ও শিক্ষকদেরও অভিনন্দিত করেন।
জেলা প্রশাসক বলেন, প্রত্যয়ের এই অর্জন অন্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস। তাঁর সাফল্যের পেছনে পরিবারের নিঃস্বার্থ ভালোবাসা, শিক্ষকদের আন্তরিক সহযোগিতা এবং নিজের অদম্য মনোবল গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
প্রত্যয়ের এই অর্জন আবারও প্রমাণ করেছে, শারীরিক প্রতিবন্ধকতা কখনো স্বপ্ন পূরণের অন্তরায় হতে পারে না। অদম্য ইচ্ছাশক্তি, কঠোর পরিশ্রম ও আত্মবিশ্বাস থাকলে প্রতিকূলতাকে জয় করেও সাফল্যের শিখরে পৌঁছানো সম্ভব।








