কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী নৈরাজ্য ও অপতৎপরতার প্রতিবাদে আসাদুজ্জামান আসলামের নেতৃত্বে মিছিল
ছবি: বিডি মেইল
জবি প্রতিনিধি
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেশব্যাপী নৈরাজ্য ও অপতৎপরতার প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের সাবেক সভাপতি আসাদুজ্জামান আসলামের নেতৃত্বে রাজধানীর পুরান ঢাকায় প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) বিকেলে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে কোর্ট এরিয়া, রায়সাহেব বাজার মোড় ও তাঁতীবাজার মোড় হয়ে ধোলাইখাল ঘুরে পুনরায় রায়সাহেব বাজার মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে মিছিলটি শেষ হয়।
মিছিলে যুবদল মহানগর দক্ষিণের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বিভিন্ন থানার নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তাঁরা আওয়ামী লীগের নৈরাজ্য ও অপতৎপরতার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং ক্ষোভ প্রকাশ করেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে আসাদুজ্জামান আসলাম বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীদের যেকোনো ধরনের অরাজকতা, নাশকতা এবং সাধারণ মানুষের জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা এ দেশের যুবসমাজ ও জনগণ কোনোভাবেই বরদাশত করবে না। দেশের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করে জনজীবনে আতঙ্ক সৃষ্টির যেকোনো চেষ্টার বিরুদ্ধে যুবসমাজ ও সাধারণ মানুষ ঐক্যবদ্ধভাবে অবস্থান নেবে।
তিনি আরও বলেন, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। যেকোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে অবিলম্বে কঠোর প্রশাসনিক পদক্ষেপ নিতে হবে। জননিরাপত্তা নিশ্চিত ও বিশৃঙ্খলা রোধে প্রশাসনের দ্রুত ও কার্যকর ভূমিকা অত্যন্ত জরুরি।
বক্তব্যের শেষে দেশের সার্বিক শান্তি ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান আসাদুজ্জামান আসলাম। একই সঙ্গে বিশৃঙ্খলাকারীদের প্রতিহত করতে সচেতন নাগরিক, যুবসমাজ ও সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
মিছিলে সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।









