অধ্যাপক স্নিগ্ধাকে দায়িত্ব থেকে অব্যাহতি, ‘অগণতান্ত্রিক’ মন্তব্য সমাজতান্ত্রিক মহিলা ফোরামের
অধ্যাপক রেজওয়ানা করিম স্নিগ্ধা। ফাইল ছবি
জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সুফিয়া কামাল হলের প্রভোস্ট অধ্যাপক রেজওয়ানা করিম স্নিগ্ধাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার প্রশাসনিক সিদ্ধান্তকে ‘অগণতান্ত্রিক’ আখ্যা দিয়ে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম।
বুধবার (২৫ নভেম্বর) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী শম্পা বসু ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দিলরুবা নূরী এক যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানান।
বিবৃতিতে বলা হয়, পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী, ছাত্রদল, ছাত্রশিবির ও ছাত্রশক্তির পক্ষ থেকে অভিযোগ করা হয়, অধ্যাপক স্নিগ্ধা টকশোতে বক্তব্যের মাধ্যমে আওয়ামী লীগের পক্ষে সম্মতি উৎপাদন করছেন। এ অভিযোগের ভিত্তিতে সংগঠন তিনটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে তাঁর অপসারণ দাবি করে।
নেতৃবৃন্দ বলেন, তিন ছাত্রসংগঠনের অন্যায় দাবির কাছে নতি স্বীকার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অধ্যাপক রেজওয়ানা করিম স্নিগ্ধাকে প্রভোস্টের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে। এ সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন, মতপ্রকাশের স্বাধীনতা ও শিক্ষাপ্রতিষ্ঠানের গণতান্ত্রিক পরিবেশের পরিপন্থী।
বিবৃতিতে আরও বলা হয়, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের অন্যতম আকাঙ্ক্ষা ছিল মানুষের মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা। মুক্তিযুদ্ধের পক্ষে কথা বললে কিংবা ভিন্নমত প্রকাশ করলেই কাউকে ‘আওয়ামী ট্যাগ’ দিয়ে শাস্তির আওতায় আনা নব্য ফ্যাসিবাদী চিন্তার বহিঃপ্রকাশ। একটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে না পারলে এবং মতপ্রকাশের কারণে দায়িত্ব থেকে অপসারিত হলে সেখানে গণতান্ত্রিক পরিবেশের অস্তিত্ব থাকে না।
নেতৃবৃন্দ অভিযোগ করেন, একদিকে আওয়ামী লীগ-সংশ্লিষ্টতার অভিযোগ তুলে শিক্ষককে দায়িত্ব থেকে অপসারণ করা হচ্ছে, অন্যদিকে পুরোনো স্বৈরাচারী শাসনব্যবস্থার মতো ক্যাম্পাসে দলীয়করণ ও দখলদারত্ব বিস্তারের চেষ্টা চলছে। এ ধরনের আচরণ শিক্ষাঙ্গনে মুক্তবুদ্ধির চর্চাকে ব্যাহত করার পাশাপাশি শিক্ষাদানের পরিবেশকেও প্রভাবিত করবে।
বিবৃতির শেষে অধ্যাপক রেজওয়ানা করিম স্নিগ্ধাকে সুফিয়া কামাল হলের প্রভোস্টের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার প্রশাসনিক সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান সমাজতান্ত্রিক মহিলা ফোরামের নেতৃবৃন্দ।








