‘বাদাম বেচি, প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মিলাইছি, আমার আর কী লাগে’
সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হাত মেলাতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন খুলনার স্থানীয় বাদাম বিক্রেতা রাজু। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা ও কথা বলার আনন্দে তিনি বলেন, ‘আমি বাদাম বেচি, প্রধানমন্ত্রীর সঙ্গে কথা কইছি, হাত মেলাইছি। আমার আর কী লাগে! আলহামদুলিল্লাহ, আমি কার সঙ্গে কথা কলাম, আমার জীবন সার্থক।’
বৃহস্পতিবার (২২ অক্টোবর) খুলনার দাকোপ উপজেলার নলিয়ান এলাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হাত মেলানোর পর এভাবেই নিজের অনুভূতি প্রকাশ করেন রাজু।
বৃহস্পতিবার সকাল ১০টা ২৮ মিনিটে হেলিকপ্টারে নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে সেখান থেকে পায়ে হেঁটে নলিয়ান কোস্টগার্ডের পন্টুনে যান তিনি।
এ সময় সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষকে হাত নেড়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। নেতাকর্মীরাও বিভিন্ন স্লোগানে তাঁকে স্বাগত জানান। পথ চলার সময় অনেকের সঙ্গে হাত মেলান প্রধানমন্ত্রী, আবার অনেকের মাথায় হাত বুলিয়ে দেন। এ সময় স্থানীয় বাদাম বিক্রেতা রাজুর সঙ্গেও হাত মেলান তিনি।
প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর রাজু তাঁকে বলেন, ‘অসংখ্য ধন্যবাদ স্যার। আমার খুব ভালো লাগছে।’
সকাল ১০টা ৪৮ মিনিটে পন্টুন থেকে নৌপথে মোংলার উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। দুপুর ১২টা ৫৫ মিনিটে তিনি মোংলায় বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বানৌজা মোংলার জেটিতে পৌঁছান।
সফরসূচি অনুযায়ী, বিকেলে মোংলা বন্দরের সার্বিক কার্যক্রম ও জেটি পরিদর্শনের কথা ছিল প্রধানমন্ত্রীর। পরে প্রস্তাবিত বেজা ইকোনমিক জোন এলাকাও ঘুরে দেখার কথা ছিল তাঁর।
দিনব্যাপী সরকারি কর্মসূচি শেষে বিকেল ৪টায় মোংলার হেলিপ্যাড থেকে আকাশপথে ঢাকার উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এমকে/বিএম২৪








