শরীয়তপুরে দেড় লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস

প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ পিএম
শরীয়তপুরে দেড় লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস

সংগৃহীত

রবিউল মোল্লা, শরীয়তপুর জেলা প্রতিনিধি


শরীয়তপুরের ভেদরগঞ্জে মা ইলিশ রক্ষায় বিশেষ যৌথ অভিযান চালিয়ে প্রায় দেড় লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। পরে জব্দ করা জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। একই অভিযানে উদ্ধার করা ৪ কেজি ইলিশ মাছ স্থানীয় দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে।


বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ৪টার দিকে ভেদরগঞ্জ উপজেলার দুলারচর ইলাবাজার অস্থায়ী মাছের আড়ত ও দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়নের বন্দুকসী আড়তে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) প্রত্যক্ষ নেতৃত্বে এ যৌথ অভিযান চালানো হয়।


অভিযান সূত্রে জানা যায়, নিষিদ্ধ সময়ে মা ইলিশ শিকার এবং অবিক্রীত নিষিদ্ধ জাল মজুতের গোপন সংবাদের ভিত্তিতে আড়তগুলোতে অভিযান চালানো হয়। এ সময় প্রায় ১ লাখ ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দ করা সব জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ ছাড়া বন্দুকসী অস্থায়ী মাছের আড়ত থেকে উদ্ধার করা ৪ কেজি মা ইলিশ স্থানীয় দুস্থ পরিবারের সদস্যদের মধ্যে বিতরণ করা হয়।


অভিযানে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার পাশাপাশি পুলিশ, কোস্ট গার্ড ও আনসার বাহিনীর সদস্যরা অংশ নেন। তাঁরা অভিযান পরিচালনায় সহায়তার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করেন।


উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জাতীয় সম্পদ ইলিশের প্রজনন রক্ষা ও মা ইলিশ সংরক্ষণে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। নিষিদ্ধ জাল দিয়ে মাছ ধরা বন্ধে নদীপথ ও স্থানীয় মাছের আড়তগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। এ ধরনের তদারকি ও অভিযান আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে।


এমকে/বিএম২৪