ভোলায় জিপিএ-৫ পাওয়া ১৩৫ শিক্ষার্থীকে শিক্ষা সম্মাননা দিল বন্ধুজন পরিষদ
সংগৃহীত
মোঃ সুলাইমান, ভোলা জেলা প্রতিনিধি
মেধা ও সৃজনশীলতার স্বীকৃতি দিয়ে শিক্ষার্থীদের আগামীর পথচলায় অনুপ্রেরণা জোগাতে ভোলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ১৩৫ জন কৃতি শিক্ষার্থীকে শিক্ষা সম্মাননা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে ভোলা শহরে সাবেক মন্ত্রী মরহুম মোশারেফ হোসেন শাহজাহানের বাসভবন প্রাঙ্গণে জাতীয় বন্ধুজন পরিষদ, ভোলার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক, ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে মেধাভিত্তিক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। তিনি শিক্ষার্থীদের মেধা ও দূরদর্শিতার প্রশংসা করেন এবং তাদের হাতে সম্মাননা তুলে দেন।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশের মূল কারিগর। শুধু পরীক্ষায় ভালো ফল করলেই চলবে না; সৎ, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবেও নিজেদের গড়ে তুলতে হবে। মেধার পাশাপাশি দেশ ও মানুষের কল্যাণে কাজ করার মানসিকতা তৈরি করাই শিক্ষার মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের শিক্ষা সম্মাননা শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি তরুণ প্রজন্মের মধ্যে ইতিবাচক প্রতিযোগিতা সৃষ্টি এবং জীবনের লক্ষ্য অর্জনে এ উদ্যোগ অনুপ্রেরণা জোগাবে।
জাতীয় বন্ধুজন পরিষদের প্রধান সমন্বয়ক আসিফ আলতাফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ভোলা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর, জাতীয় বন্ধুজন পরিষদের প্রধান সম্পাদক আলহাজ মিয়া মোহাম্মদ ইউনুস, দৈনিক অমৃতালোকের সম্পাদক আলহাজ এম এ আহাদ চৌধুরী তুহিন এবং ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম।
এ ছাড়া বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মফিজুল ইসলাম মিলন, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন, ভোলা পৌর বিএনপির সভাপতি আব্দুর রব আকন, জেলা মহিলা দলের সভানেত্রী অ্যাডভোকেট সাজেদা আক্তার, যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আল আমিন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মাসুদ, সদস্য সচিব মুনতাসীর আলম চৌধুরী রবিন, ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল রাসেল ও সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ রুবেলসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতারা।
আয়োজক সূত্রে জানা যায়, ভোলা পৌর এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ১৩৫ জন শিক্ষার্থীকে বাছাই করে এ সম্মাননা দেওয়ার ব্যবস্থা করা হয়। শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতি প্রদান এবং উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে উৎসাহিত করাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।
সম্মাননা বিতরণ শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে কৃতি শিক্ষার্থীদের পাশাপাশি তাঁদের অভিভাবক ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানটি শেষ হয়।
এমকে/বিএম২৪








