১৮ মাসেই ‘গ্র্যান্ড মাস্টার’ স্বীকৃতি পেল খাগড়াছড়ির শিশু শেহজাদ

প্রকাশিত: ০২ আগস্ট ২০২৬, ১১:৫৪ এএম
১৮ মাসেই ‘গ্র্যান্ড মাস্টার’ স্বীকৃতি পেল খাগড়াছড়ির শিশু শেহজাদ

সূত্রঃ ছবি: বিডিমেইল

খাগড়াছড়ি প্রতিনিধি


মাত্র ১৮ মাস বয়সেই আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে খাগড়াছড়ির বিস্ময় শিশু শেহজাদ বিন খলিল। ইংরেজি ভাষায় অসাধারণ দক্ষতার স্বীকৃতি হিসেবে তাকে ‘গ্র্যান্ড মাস্টার’ সম্মানে ভূষিত করেছে এশিয়া বুক অব রেকর্ডস।


এ অর্জনের খবরে খাগড়াছড়িসহ পার্বত্য অঞ্চলে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। অল্প বয়সেই শেহজাদের অসাধারণ মেধা ও শেখার সক্ষমতা সবার দৃষ্টি কেড়েছে।


শেহজাদের বাবা ইব্রাহিম খলিল জানান, স্বীকৃতির জন্য তারা আটটি ভিডিও এশিয়া বুক অব রেকর্ডসে জমা দেন। দীর্ঘ মূল্যায়ন শেষে প্রতিষ্ঠানটি শেহজাদকে ‘গ্র্যান্ড মাস্টার’ হিসেবে স্বীকৃতি দেয়।


তিনি বলেন, “সবার কাছে দোয়া চাই, যেন শেহজাদ ভবিষ্যতে বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে পারে। খেলাধুলার পাশাপাশি সে আনন্দের সঙ্গে ইংরেজি শেখে। তার এই অর্জনে আমরা খুবই আনন্দিত।”


শেহজাদের মা তালিয়া আক্তারও সন্তানের এ সাফল্যে আনন্দ প্রকাশ করেন। তিনি বলেন, পরিবারের পাশাপাশি প্রতিবেশীরাও শেহজাদের এই অর্জনে গর্বিত।


পরিবারের সদস্যদের মতে, সঠিক পরিচর্যা, ইতিবাচক পরিবেশ ও নিয়মিত অনুশীলনের মাধ্যমে একটি শিশুর সুপ্ত প্রতিভা বিকশিত হতে পারে। শেহজাদ সেই সম্ভাবনারই একটি উজ্জ্বল উদাহরণ। মাত্র ১৮ মাস বয়সে আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ায় তার এ সাফল্য শুধু পরিবারের নয়, খাগড়াছড়ি ও বাংলাদেশের জন্যও গর্বের।


এমকে/বিএম২৪