গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্যসেবায় খাগড়াছড়ি রিজিয়নের বিশেষ উদ্যোগ
সূত্রঃ ছবি: বিডিমেইল
খাগড়াছড়ি প্রতিনিধি
পার্বত্য অঞ্চলের দুর্গম ও প্রত্যন্ত এলাকার গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এবং স্বাস্থ্যসচেতনতা বাড়াতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে খাগড়াছড়ি রিজিয়ন। এ লক্ষ্যে দুই সপ্তাহব্যাপী বিশেষ প্রশিক্ষণ ও স্বাস্থ্যসেবা কার্যক্রম শুরু হয়েছে।
রোববার (২ আগস্ট) খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন ৫ ফিল্ড অ্যাম্বুলেন্স, খাগড়াছড়ি সেনানিবাসের আয়োজনে খাগড়াছড়ি সদর উপজেলার বিভিন্ন প্রত্যন্ত এলাকা থেকে আসা ২২ জন নারীকে গর্ভকালীন স্বাস্থ্যসেবা, নবজাতক ও শিশুর পরিচর্যা, প্রাথমিক চিকিৎসা এবং স্বাস্থ্যসচেতনতাবিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়। একই সঙ্গে অংশগ্রহণকারীদের প্রয়োজনীয় স্বাস্থ্যপরামর্শ ও প্রাথমিক চিকিৎসাসেবাও প্রদান করা হয়।
অনুষ্ঠানে ৫ ফিল্ড অ্যাম্বুলেন্সের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আনোয়ারুস সাদাত এবং খাগড়াছড়ি রিজিয়ন সদর দপ্তরের জিএসও-২ (ইন্টেলিজেন্স) মেজর কাজী মোস্তফা আরেফিন উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, দুই সপ্তাহব্যাপী এ কর্মসূচির মাধ্যমে পার্বত্য অঞ্চলের প্রত্যন্ত এলাকার গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে সচেতনতা বৃদ্ধি, নিরাপদ মাতৃত্ব নিশ্চিতকরণ এবং প্রাথমিক চিকিৎসা বিষয়ে ব্যবহারিক জ্ঞান দেওয়া হবে। এতে স্থানীয় জনগণের স্বাস্থ্যসেবা প্রাপ্তি সহজ হওয়ার পাশাপাশি মা ও শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত করতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।
এমকে/বিএম২৪








