মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের দেশ ছাড়ার প্রস্তুতির নির্দেশনা

প্রকাশিত: ০২ আগস্ট ২০২৬, ১১:০৪ এএম
মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের দেশ ছাড়ার প্রস্তুতির নির্দেশনা

সূত্রঃ ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক


মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধির আশঙ্কার মধ্যে অঞ্চলটিতে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজনে দ্রুত দেশ ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিতে নির্দেশনা দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানকে ঘিরে কঠোর হুঁশিয়ারির পর এ সতর্কতা জারি করা হয়েছে।


রোববার (২ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।


প্রতিবেদন অনুযায়ী, বাহরাইন, ইরাক, ইসরায়েল, জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত মার্কিন দূতাবাসগুলো অনলাইনে পৃথক সতর্কবার্তা প্রকাশ করেছে। এতে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি ও আকস্মিক উত্তেজনা বৃদ্ধির বিষয়ে মার্কিন নাগরিকদের সতর্ক থাকতে বলা হয়েছে।


চলমান পারমাণবিক আলোচনা ব্যর্থ হলে ইরানের বিরুদ্ধে ‘খুব কঠোর’ ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইরান বারবার প্রতিশ্রুতি ভঙ্গ করছে এবং ভুল তথ্য দিচ্ছে। তাই দেশটির প্রতি তার আস্থা কমে গেছে।


মার্কিন পররাষ্ট্র দপ্তর ও কনস্যুলার অ্যাফেয়ার্স জানিয়েছে, মধ্যপ্রাচ্যে অবস্থানরত নাগরিকদের সম্ভাব্য ফ্লাইট বাতিল, আকাশসীমা বন্ধ এবং ভ্রমণে বিঘ্নের মতো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে। পরিস্থিতি আরও খারাপ হলে অঞ্চলটি ছেড়ে যাওয়ার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে বলা হয়েছে।


এক্সে প্রকাশিত এক বার্তায় বলা হয়, কয়েকটি আন্তর্জাতিক বিমান সংস্থা এখনো স্বাভাবিক ফ্লাইট পরিচালনা শুরু করেনি, আবার কিছু প্রতিষ্ঠান নির্দিষ্ট রুটে সব ফ্লাইট বাতিল করেছে। তাই ভ্রমণের আগে বিমানবন্দর ও সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সর্বশেষ তথ্য নিয়মিত অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।


এছাড়া মধ্যপ্রাচ্যের বাইরে থাকা মার্কিন নাগরিকদেরও এ অঞ্চল হয়ে ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে।


দেশভিত্তিক সতর্কবার্তায় জর্ডানে অবস্থানরত মার্কিন নাগরিকদের ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত সামরিক ঘাঁটির আশপাশ এড়িয়ে চলতে বলা হয়েছে। অন্যদিকে ইসরায়েলে থাকা নাগরিকদের নিকটস্থ আশ্রয়কেন্দ্রের অবস্থান আগে থেকেই জেনে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।


জেরুজালেমে অবস্থিত মার্কিন দূতাবাস জানিয়েছে, বর্তমান পরিস্থিতি অত্যন্ত অস্থিতিশীল এবং ইরানের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। এ কারণে পুরো মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।


এমকে/বিএম২৪