পুলিশ জনগণের বন্ধু, কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ০২ আগস্ট ২০২৬, ০১:৩২ পিএম
পুলিশ জনগণের বন্ধু, কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

সূত্রঃ ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক


স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ কোনো বিশেষ রাজনৈতিক দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়; বরং জনগণের বন্ধু হিসেবে কাজ করবে। বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার হলো আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির মাধ্যমে জনমনে স্বস্তি ও শান্তি প্রতিষ্ঠা করা।


রোববার (২ আগস্ট) সকালে রাজশাহীর চারঘাটে বাংলাদেশ পুলিশ একাডেমি সারদায় ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের প্রথম পর্যায়ের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি উল্লেখ করেন, বিগত সরকারের আমলে অন্যান্য প্রতিষ্ঠানের মতো পুলিশ বাহিনীও ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমান সরকার একটি পেশাদার, নিরপেক্ষ ও জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।


নবীন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষায় নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে হবে। দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা ও অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে বাংলাদেশ পুলিশের মর্যাদা আরও সমুন্নত রাখতে হবে। একই সঙ্গে মুক্তিযুদ্ধের চেতনা এবং ২০২৪ সালের ছাত্র গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে একটি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।


সালাহউদ্দিন আহমদ আরও বলেন, দুর্নীতিমুক্ত থেকে জনগণের সঙ্গে এমন আচরণ করতে হবে, যাতে মানুষ পুলিশকে সত্যিকার অর্থেই জনবান্ধব বাহিনী হিসেবে বিশ্বাস করতে পারে।


অনুষ্ঠানে প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার ড. মো. নূরুল হুদা ভূঁইয়া। তিনি বেস্ট প্রবেশনার এবং বেস্ট ইন ফিল্ড অ্যাক্টিভিটিজ—এই দুই বিভাগে পুরস্কার অর্জন করেন।


এছাড়া বেস্ট একাডেমিক অ্যাওয়ার্ড পান শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার আবু নুমান মোহাম্মদ খাইরুল ইসলাম এবং বেস্ট শ্যুটার নির্বাচিত হন শিক্ষানবিশ সহকারী পুলিশ কর্মকর্তা এ বি এম মামুন।


এমকে/বিএম২৪