সেউতা সংকটে জরুরি বৈঠকে বসছে ইইউ

প্রকাশিত: ০২ আগস্ট ২০২৬, ১১:০০ এএম
সেউতা সংকটে জরুরি বৈঠকে বসছে ইইউ

সূত্রঃ ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক


স্পেনের ছিটমহল সেউতাকে কেন্দ্র করে তৈরি হওয়া অভিবাসন সংকট মোকাবিলায় জরুরি বৈঠকের ডাক দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাওয়া এ বৈঠকে সংকট মোকাবিলা এবং ইইউর বহিঃসীমান্ত সুরক্ষা জোরদারের বিষয়টি গুরুত্ব পাবে।


রোববার (২ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


প্রতিবেদনে বলা হয়, মরক্কো থেকে প্রায় ৬০ হাজার অভিবাসী সেউতায় প্রবেশ করার পর পরিস্থিতি নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়ে। এর পরিপ্রেক্ষিতে সদস্য রাষ্ট্রগুলোর সমন্বিত পদক্ষেপ এবং বহিঃসীমান্ত আরও শক্তিশালী করার আহ্বান জানিয়ে একটি যৌথ চিঠি পাঠানো হয়েছে।


এদিকে ফিনল্যান্ড ও ডেনমার্কের সমর্থনে ইতালি স্পেনের সঙ্গে শেনজেন চুক্তি সাময়িকভাবে স্থগিত করেছে। ইতালির এ সিদ্ধান্তকে ‘স্বার্থপর, বিভাজনমূলক ও বেআইনি’ বলে মন্তব্য করেছে স্পেন।


কর্মকর্তারা জানিয়েছেন, ৩০ জুলাই সেউতায় প্রবেশ করা অধিকাংশ অভিবাসী ইতোমধ্যে ফিরে গেছেন। তবে সীমান্ত পারাপারের আকস্মিক এই ঢলে প্রাণহানির সংখ্যা বেড়ে অন্তত ৬৭ জনে পৌঁছেছে।


ইইউ সদস্যদের পাঠানো যৌথ চিঠিতে বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়নে অবৈধভাবে প্রবেশ সম্ভব—এমন ধারণা ছড়িয়ে পড়া একটি বড় ধরনের ‘মিশ্র হুমকি’ তৈরি করছে। তাদের মতে, এটি আরও মানুষকে অবৈধভাবে ইউরোপে প্রবেশে উৎসাহিত করবে এবং অভিন্ন অভিবাসন নীতির প্রতি আস্থা দুর্বল করবে।


বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের কাউন্সিলের সভাপতিত্ব করছে আয়ারল্যান্ড। ইইউ প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন এবং আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিনের উদ্দেশে পাঠানো ওই চিঠিতে নেদারল্যান্ডস, ফিনল্যান্ড ও বেলজিয়ামসহ ২২ জন নেতা স্বাক্ষর করেছেন।


অন্যদিকে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েনকে পাঠানো পৃথক এক চিঠিতে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ কয়েকটি ইউরোপীয় সরকারের ভূমিকা নিয়ে ‘গুরুতর উদ্বেগ’ প্রকাশ করেছেন।


তিনি দাবি করেন, স্পেন ৪৮ ঘণ্টারও কম সময়ে সীমান্ত পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে এনেছে এবং ইউরোপমুখী অবৈধ অনুপ্রবেশের ঢল থামাতে সক্ষম হয়েছে।


স্পেনের স্বরাষ্ট্রমন্ত্রী ফার্নান্দো গ্রান্দে-মার্লাস্কা জানিয়েছেন, পরিস্থিতি প্রায় স্বাভাবিক হয়ে এসেছে। জলপথে অবৈধ অভিবাসন ঠেকাতে নতুন প্রতিবন্ধক নির্মাণের কাজ চলছে এবং সেউতার ব্যবসা-বাণিজ্যও আবার স্বাভাবিক হতে শুরু করেছে।


এদিকে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এক মাসের জন্য স্পেনের সঙ্গে শেনজেন চুক্তি স্থগিত করেছেন। পাশাপাশি ফিনল্যান্ড, ফ্রান্স ও পর্তুগালও সীমান্তে তল্লাশি জোরদারের বিষয়টি বিবেচনা করছে।


এমকে/বিএম২৪